ইউনিসে উজ্জ্বল পাকিস্তান

মঞ্চ প্রস্তুত। প্রস্তুত মাহেলা জয়াবর্ধনেকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার জন্য। শুরুতে পটকা ফাটিয়ে ও গার্ড অব অনার দিয়ে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে বরণও করে নিল। তবে কাল গলে জয়াবর্ধনে নন, মঞ্চ মাতালেন ইউনিস খান। বহু যুদ্ধের পুরোনো এই সৈনিকের অপরাজিত এক সেঞ্চুরিতেই প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান দিন শেষ করেছে ৪ উইকেটে ২৬১ রানে। ২৪তম টেস্ট সেঞ্চুরি করে ৩৬ বছর বয়সী ইউনিস অপরাজিত আছেন ১৩৩ রানে।

পাকিস্তান দিন শুরু করেছিল যতটা সম্ভব বাজেভাবে। ৬ ওভারের মধ্যে ১৯ রানেই নেই ২ উইকেট। মেঘলা আবহাওয়া ও আগের রাতের বৃষ্টির কারণে ঢেকে রাখা পিচে টস জিতে ব্যাটিং নিয়ে মিসবাহ ভুল করেছেন কি না প্রশ্নটা উঠে গিয়েছিল। এরপরই এলেন ইউনিস। প্রথমেই আজহার আলীকে সঙ্গী করে প্রাথমিক প্রতিরোধ। এরপর অধিনায়ক মিসবাহর সঙ্গে ঠিক ১০০ রানের জুটি। আর দিনের শেষে আসাদ শফিকের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১০৫ রান।
লঙ্কান অফস্পিনার দিলরুয়ান পেরেরার ৪৩ বলে ৪৮ রান নেওয়া ইউনিস ব্যক্তিগত ৬৮ রানে একবার আউটের সুযোগ দিয়েছিলেন। রিভার্স সুইপটা উঠে গিয়েছিল আকাশে। স্লিপ থেকে ডান দিকে দৌড়ে দুহাত দিয়েও ক্যাচটা জমাতে পারেননি জয়াবর্ধনে। এর আগে ২০ ও ৫৯ রানে দু-দুবার রিভিউ নিয়ে বেঁচেছেন ইউনিস। প্রথমবার ধাম্মিকা প্রসাদের বলে কট বিহাইন্ড ও পরে পেরেরার বলে এলবিডব্লুর সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। এই ইনিংস খেলার পথেই সাবেক সতীর্থ মোহাম্মদ ইউসুফকে (৭৫৩০) টপকে টেস্টে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন ইউনিস (৭৫৩২)। ইউনিসের ওপরে আছেন শুধু জাভেদ মিয়াঁদাদ (৮৮৩২) ও ইনজামাম-উল-হক (৮৮২৯)।
পাকিস্তানের পারফরম্যান্সে দারুণ খুশি কোচ ওয়াকার ইউনিস, ‘যেকোনো কোচ কিংবা অধিনায়কই গর্ব করবে এটা নিয়ে। অভিজ্ঞতার ফসল এটা।’ দুই পুরোনো যোদ্ধা ইউনিস ও মিসবাহর প্রশংসাও ঝরল কোচের কণ্ঠে। ক্রিকইনফো।
স্কোরকার্ড
টস: পাকিস্তান
পাকিস্তান ১ম ইনিংস
রান বল ৪ ৬
মনজুর এলবিডব্লু ব প্রসাদ ৩ ১৯ ০ ০
শেহজাদ ব প্রসাদ ৪ ৩ ১ ০
আজহার ব হেরাথ ৩০ ৬৯ ৫ ০
ইউনিস ব্যাটিং ১৩৩ ২২৮ ১১ ১
মিসবাহ ক ডিকভেলা ব হেরাথ ৩১ ১০০ ২ ০
শফিক ব্যাটিং ৫৫ ১১০ ৬ ১
অতিরিক্ত (লেবা ৪, নো ১) ৫
মোট (৮৮ ওভারে, ৪ উইকেটে) ২৬১
উইকেট পতন: ১-৪, ২-১৯, ৩-৫৬, ৪-১৫৬।
বোলিং: ইরাঙ্গা ১৯-১১-৩০-০ (নো ১), প্রসাদ ১৬-১-৫৪-২, ম্যাথুস ১১-৪-২২-০, হেরাথ ২৬-৬-৬৮-২, পেরেরা ১৫-১-৭৩-০, ভিতানাগে ১-০-১০-০।