ইউনিসের আরেক রেকর্ড

বয়সকে থোড়াই তোয়াক্কা করে ইউনিস খান ক্রমেই নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক হয়েছেন আগেই। টেস্টে পাকিস্তানের হয়ে একমাত্র তাঁরই আছে ১০০ ক্যাচ ধরার রেকর্ড। আজ পাল্লেকেলেতে গড়লেন আরেকটি অনন্য রেকর্ড।
নিজের ১০১তম টেস্টে হাঁকালেন ৩০তম সেঞ্চুরি। টেস্টের চতুর্থ ইনিংসে ইউনুসের সেঞ্চুরি সংখ্যা দাঁড়াল পাঁচটি। চতুর্থ ইনিংসে এটিই সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি। এত দিন চতুর্থ ইনিংসে চার শতক নিয়ে এই রেকর্ডের অংশীদার ছিলেন আরও চারজন—সুনীল গাভাস্কার, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ ও রামনরেশ সারওয়ান। চারজনই এখন ‘সাবেক’। কাজেই রেকর্ডটি যে অনেক দিন ইউনিসের দখলে থাকবে, বলাই যায়।
ইউনিসের দিনে সেঞ্চুরি পেয়েছেন ওপেনার শান মাসুদও। তাতেই পাল্লেকেলে টেস্টে চতুর্থ দিন শেষে জয়ের সুভাস পাচ্ছে পাকিস্তান। ৩৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২৩০ রান। এখনো প্রয়োজন ১৪৭ রান, হাতে ৮ উইকেট। এর আগে মাত্র দুবার ৪র্থ ইনিংসে ৩০০ রানের বেশি রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে পাকিস্তানের। সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটিও ২১ বছরের পুরোনো। ১৯৯৪ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১৫ রান তাড়া করা ম্যাচটি পাকিস্তানে জিতেছিল ১ উইকেট হাতে রেখে। আগামীকাল শ্রীলঙ্কাকে হারাতে পারলে ভেঙে যাবে সে রেকর্ডটিও।
এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুসের শতকে ভর করে শ্রীলঙ্কা ২য় ইনিংস শেষ করে ৩১৩ রানে। পাকিস্তানি পেসার ইমরান খান নিয়েছেন ৫৮ রানে ৫ উইকেট। ৩৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। কিন্তু ইউনুস-মাসুদের তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২১৭ রান তুলে দারুণভাবেই দিন শেষ করে পাকিস্তান।