
শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক। কিন্তু পাকিস্তানের ক্রিকেটের বড় এই দুই নামের উত্তরসূরি ইউনিস খানের উল্টো অভিজ্ঞতা হলো। কলম্বোর পি সারা ওভালে কাল শততম টেস্ট খেলতে নেমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা তাঁর। অ্যাঞ্জেলো ম্যাথুসের জোরালো এলবিডব্লুর আবেদনটা আম্পায়ার খারিজ না করলে পাকিস্তানের সাবেক অধিনায়ক আউট হতে পারতেন ০ রানেই। তবু বেশি দূর যেতে পারলেন কই। মাত্র ৬ রান করে আউট।
ইউনিসের মতোই প্রথম দিনটা বাজে কেটেছে পাকিস্তানের। টস জিতে ব্যাটিং নিয়ে ৪২.৫ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে গেল মিসবাহদের প্রথম ইনিংস। এরপর শুধু ওপেনার দিমুথ করুনারত্নের উইকেট হারিয়ে ৭০ রান তুলে ফেলেছে শ্রীলঙ্কা।
ম্যাচের আগে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে দেখেশুনে খেলার কথা বলেছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। কিন্তু টেস্টের প্রথম দিনে পাকিস্তান সেই সুযোগই পায়নি। হেরাথ বল হাতে নেওয়ার আগেই শেষ পাকিস্তানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম কোনো ইনিংসে একটি বল করতে পারলেন না হেরাথ!
কলম্বো টেস্টের প্রথম দিনের নায়ক অবশ্য একজন স্পিনারই। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা তরুণ অফ স্পিনার থারিন্ডু কৌশল ৪২ রানে পকেটে পুরেছেন ৫ উইকেট। ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে ধ্বংস করতে ভূমিকা রেখেছেন পেসার ধাম্মিকা প্রসাদও। অভিষিক্ত পেসার দুষ্মন্ত চামিরার নামের পাশে ১ উইকেট।
চোটের কারণে ছিটকে যাওয়া দিলরুয়ান পেরেরার জায়গায় একাদশে ঢোকা কৌশল লাঞ্চের আগে মাত্র ১ ওভারই হাত ঘোরাতে পেরেছেন। ২২ বছর বয়সী অফ স্পিনার পাকিস্তানকে নাজেহাল করেছেন দ্বিতীয় সেশনে। এ সময় ৯ ওভারের এক স্পেলে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন কৌশল।
দেশের মাটিতে প্রথম টেস্ট খেলা কৌশলের প্রথম শিকার মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করা হাফিজ আউট হয়েছেন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দলীয় ৮৯ রানে। হাফিজের বিদায়ে শুরু বিপর্যয়। ৩ উইকেটে ৮৯ থেকে দেখতে না-দেখতে ১৩৮ রানে ধসে পড়ল পাকিস্তান। শেষ ৮ উইকেট নেই ৬৪ রানে। শেষটা স্পিনে হলেও ধ্বংসযজ্ঞের সূচনা পেসার প্রসাদের হাতে। ইউনিস খানসহ পাকিস্তানের প্রথম ৩টি উইকেটই তুলে নিয়েছেন এই পেসার।
দিনের খেলা শেষে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন উইকেটে কোনো জুজু ছিল না। ওয়াকার দুষেছেন ব্যাটসম্যানদেরই। এএফপি, ক্রিকইনফো, টেন ক্রিকেট।