ইউনিসের ডাবলের পর মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে ভুগিয়েছেন দুজন। ইউনিস খান ও মিসবাহ-উল-হকের ব্যাটে আবুধাবি টেস্টে রানের পাহাড় গড়েছে পাকিস্তান l এএফপি
কাল দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে ভুগিয়েছেন দুজন। ইউনিস খান ও মিসবাহ-উল-হকের ব্যাটে আবুধাবি টেস্টে রানের পাহাড় গড়েছে পাকিস্তান l এএফপি

৯০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ইনিংসে সেঞ্চুরি। পরশু ইউনিস খানের অসামান্য কীর্তিটা গ্যালারিতে বসে কতজন দর্শক দেখেছেন সেটা হয়তো মাথা গুনেই বলে দেওয়া যেত।
কাল পুরোই উল্টো চিত্র। সাপ্তাহিক ছুটির দিনে আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দর্শকের ঢল। গ্যালারির চিত্র পাল্টালেও, পাল্টায়নি মাঠের চিত্র। সেখানে রাজত্ব ছিল পাকিস্তানি ব্যাটসম্যানদেরই।
পুরোভাগে সেই ইউনিস। টানা তৃতীয় সেঞ্চুরিটিকে ডাবল সেঞ্চুরি বানিয়ে তারপরই আউট হয়েছেন সাবেক অধিনায়ক। রেকর্ডভাঙা এক দিনে সেঞ্চুরি করেছেন বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হকও। ইউনিস-আজহার-মিসবাহ এই তিনের সেঞ্চুরিতে ৫৭০ রানের পাহাড়ে উঠেই ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। জবাব দিতে নেমে ২২ রানেই এক উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ২০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আরও কাছে এগিয়েছে পাকিস্তান।
দিনের খেলা শেষ হওয়ার ৪৫ মিনিট আগে যখন ইনিংস ঘোষণা করেন মিসবাহ, ততক্ষণে গত ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০০ ছাড়িয়েছে পাকিস্তানের ইনিংস। দিনের প্রথম ঘণ্টাতেই আগের দিনের সেঞ্চুরিয়ান আজহার আলীকে হারালেও পথ হারায়নি দলটি। আজহারের সঙ্গে ২৩৬ রানের জুটি গড়া ইউনিস এবার অধিনায়ক মিসবাহকে নিয়ে গড়লেন ১৮১ রানের জুটি। টেস্টে পুরোনো এই দুই যোদ্ধার একাদশ সেঞ্চুরি জুটি এটি।
২৮তম ব্যাটসম্যান হিসেবে ইউনিস কাল ছুঁয়েছেন আট হাজার রানের মাইলফলকও। গর্বের এই অর্জনের পর ইউনিসের চাওয়া অস্ট্রেলিয়ার ধবলধোলাই, ‘আমি খুব খুশি ও গর্বিতও। অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করব, আমার ইচ্ছে এখন এটাই। তবে কাজটা সহজ হবে না, কারণ ওরা খুব কঠিন দল।’
পাকিস্তানকে কাল সাহায্য করেছে অস্ট্রেলিয়ার বাজে ফিল্ডিংও। ১১২ রানে ইউনিসের ক্যাচ ছেড়েছেন ওয়ার্নার। ৯ রান পর ইউনিসের ক্যাচ নিতে গিয়ে ডান কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছে উইকেটকিপার ব্র্যাড হাডিনকে। বদলি কিপার ওয়ার্নার এরপর ইউনিসকে স্টাম্পড করার সুযোগ হারিয়েছেন। পাকিস্তানি ব্যাটসম্যানের রান তখন ১২৫। টেন ক্রিকেট, এএফপি।