ইউনিসের দেশ থেকে উঠে আসা এক ফখর

পাকিস্তানের ব্যাটিংয়ের সময়ই আলাদা করে নজরে পড়লেন ফখর জামান। হাই ব্যাক লিফটের দুর্দান্ত এক বাঁ হাতি ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার মামুলি ২১৯ রানের জবাবে ওপেন করতে নেমেই স্ট্রোকের ফুলঝুরি ছোটালেন। কাগিসো রাবাদা, ওয়েইন পার্নেলদের আছড়ে ফেললেন এজবাস্টন মাঠের চারদিকে। খুব বড় স্কোর হয়তো পাননি। তবে ৩০ বলে ৩১ রান করেই নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন। বৃষ্টি এসে খেলা পণ্ড করে দেওয়ার আগে ২৭ ওভারে ৩ উইকেটে ১১৯ রান তুলে ফেলা পাকিস্তান যে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচটা জিতে গেল, তাতে ফখরের ব্যাটের অবদান কিন্তু বেশ বড়ই।
ইউনিস খানের দেশ মারদানে জন্ম নেওয়া ফখর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরম করার পুরস্কারটাই পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পেয়ে। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ওয়ানডে অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাটা শুরু হয়েছে গত মার্চ-এপ্রিলেই। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি অভিষেকে সেভাবে নজর কাড়তে না পারলেও চ্যাম্পিয়নস ট্রফির বড় মঞ্চে কিন্তু ঠিকই সবার দৃষ্টি নিজের দিকে ঘুরিয়েছেন।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফখরের গড় চমকে দেওয়ার মতোই। ২০১২ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষিক্ত হওয়ার পরের বছরই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। লিস্ট ‘এ’-র ব্যাটিং গড় ৫০.০৪! প্রথম শ্রেণির ক্রিকেটেরটাও মন্দ নয়—৪২.০১। দিনের পর দিন পাকিস্তানের ‘পুরস্কারহীন’ ঘরোয়া সার্কিটে সংগ্রাম করেছেন। পরিশ্রমের যে বিকল্প কিছু হয় না—এই আপ্তবাক্য নতুন করে মনে করিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েছেন। শুরুটা ভালোই হয়েছে, এখন নিজেকে এই জায়গা থেকে কতটা সামনের দিকে এগিয়ে নিতে পারেন, দেখার বিষয় সেটিই।
সর্বশেষ কায়েদে আজম ট্রফিতে (পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা) তাঁর মোট রান ৬৬৩। গড় ৫১। ফাইনালে ১৭০ রানের একটি ইনিংস খেলার পর তাঁকে আর উপেক্ষা করতে পারেননি নির্বাচকেরা। কিছু দিন আগে ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় করেছেন তিনটি ফিফটি ও একটি সেঞ্চুরি। ইউনিসের দেশ থেকে উঠে আসা ফখর পাকিস্তানের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানের শূন্যতা পূরণ করতে পারবেন? প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। এখন গড়ে ওঠার পালা। সেটি হলে পাকিস্তান ইউনিসের যোগ্য উত্তরসূরিকে তো খুঁজে পাবেই, পেয়ে যেতে পারে আরও একজন সাঈদ আনোয়ারকেও। সূত্র: ক্রিকইনফো।