
রোস্টন চেজকে সুইপ করার পরই হেলমেট খুলে উদ্যাপন ইউনিস খানের। ড্রেসিংরুমের দিকে ফিরে একটা স্যালুটও দিলেন। ফিফটি কিংবা সেঞ্চুরি হয়নি, তবু এমন উদ্যাপন দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সিরিজ শুরু হওয়ার আগে থেকে এ মুহূর্তের অপেক্ষায় ছিলেন সবাই। প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান করেছেন ইউনিস খান! তাঁর ইতিহাস গড়ার দিনে ভালো অবস্থানে ছিল পাকিস্তানও, ৪ উইকেটে ২০১ রানে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা।
পাঁচ অঙ্ক ছোঁয়া রানটা যে সুইপ থেকে এল, সেটিও হয়তো নিয়তিই ঠিক করে রেখেছিল। পুরো ক্যারিয়ারে এই সুইপই যে তাঁর মূল শট। তবে ইতিহাসে নাম লেখাতে এতটা সময় লাগবে, সেটা ধারণা করতে পারেননি ইউনিস। অপেক্ষা ছিল মাত্র ২৩ রানের, তবু সেটা ছুঁতে লেগেছে ৮৪ বল। ত্রয়োদশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান করলেন ইউনিস। তবে ইনিংসের দ্রুততায় তিনি ষষ্ঠ।
সিরিজ শেষেই অবসরের ঘোষণাটা যে মনের কোনায় চাপ হয়ে দেখা দিচ্ছিল, সেটা বোঝা গেছে ইউনিসের কালকের ইনিংসে। শুরুটা করেছেন অনেক দেখেশুনে। ১৯তম বলে প্রথম রান করেছেন, ৬৫ বল শেষেও তাঁর নামের পাশে ছিল ১০ রান! তবে মাইলফলকটা ছুঁয়ে ফেলার পরই ইনিংসে গতি এসেছে। শ্যানন গ্যাব্রিয়েলের বলে ক্যাচ আউট হওয়ার আগে ১৩৮ বলে করেছেন ৫৮ রান।
ওই গ্যাব্রিয়েলের বলেই পরের ওভারে বোল্ড হয়েছেন ইউনিসের সঙ্গে ১৩১ রানের জুটি গড়া বাবর আজম। ২০১ বলে ৭২ রান করা আজম ফেরার পর বাকি দিনটা নিরাপদেই পার করে দিয়েছেন মিসবাহ-উল-হক ও আসাদ শফিক। ক্রিকইনফো।
সর্বশেষ
এই প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে পাকিস্তানের রান ছিল ৮ উইকেটে ৩৫৭। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৭১ রান এগিয়ে ছিল তারা। অধিনায়ক মিসবাহ ৫৯ ও ইয়াসির শাহ ১ রান নিয়ে উইকেটে ছিলেন।
ইউনিসনামা
সবচেয়ে বেশি বয়সে (৩৯ বছর ১৪৩ দিন) ১০ হাজারি ক্লাবে ঢুকেছেন ইউনিস খান।
১০ হাজার রান করতে ইউনিসের (১৭ বছর ৫৪ দিন) চেয়ে বেশি সময় নিয়েছেন শুধু শিবনারায়ণ চন্দরপল (১৮ বছর ৩৭ দিন।)
সবচেয়ে কম (৩২) ফিফটি করে ১০ হাজার রান ছুঁয়েছেন ইউনিস।