ইউনিসের বয়কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক যেন লেগেই আছে পাকিস্তান ক্রিকেটে। সাম্প্রতিক বিতর্কটা পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট পাকিস্তান কাপে এবং এই বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির অন্যতম সেরা ব্যাটসম্যান ইউনিস খান। ‘বাজে’ আম্পায়ারিংয়ের প্রতিবাদে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন খাইবার পাখতুনখাওয়ার দলের অধিনায়ক ইউনিস। তবে এতে তাঁকে গুনতে হয়েছে জরিমানা।
টুর্নামেন্টে বেশ কয়েকবার আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন ইউনিস। ফেডারেল এরিয়াস ইসলামাবাদের বিপক্ষে গত বুধবারের ম্যাচে প্রতিপক্ষ অধিনায়ক মিসবাহ-উল-হকের বিপক্ষে আউটের একটি আবেদন বাতিল করে দেন আম্পায়ার। কম ব্যবধানে ওই ম্যাচ হারের পর পুরস্কার বিতরণীর সময় ইউনিস বলে দেন, আম্পায়ারিং ভালো হলে তাঁর দল জিতত।
এরপর শুক্রবার সিন্ধের বিপক্ষে ম্যাচের আগেও চতুর্থ আম্পায়ারের কাছে ইউনিস আম্পায়ারিংয়ের মান নিয়ে উষ্মা প্রকাশ করেন। চতুর্থ আম্পায়ার আবার সেটি নিয়ে অভিযোগ করেন ম্যাচ রেফারির কাছে। ইউনিসকে শুনানিতে ডাকেন ম্যাচ রেফারি। কিন্তু তাতে তিনি সাড়া দেননি। উল্টো টুর্নামেন্ট বয়কট করে ফিরে গেছেন নিজের শহর করাচিতে। এ কারণেই ম্যাচ রেফারি তাঁকে জরিমানা করেছেন ম্যাচ ফির ৫০ শতাংশ। ইউনিস নেই, খাইবার পাখতুনখাওয়ার দলের নতুন অধিনায়ক করা হয়েছে আহমেদ শেহজাদকে। এনডিটিভি।