ইউনিসের মন্তব্যে অসন্তুষ্ট ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট অধিনায়ক মিসবাহ আর কোচ ওয়াকারের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন ইউনিস খান। মিসবাহ-উল হক এখনো চুপচাপ। তবে মুখ খুলেছেন ওয়াকার ইউনিস। কোচ-অধিনায়ক তাঁকে সব সময় চাপে রাখেন বলে যে অভিযোগ করেছেন ইউনিস, সেটা ঠিক নয় বলে দাবি ওয়াকারের।
কয়েক দিন আগে পাকিস্তানের একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে ইউনিস বলেছিলেন, ‘শ্রীলঙ্কায় তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ১৭১ রানের ইনিংসটা না খেললে যে কী হতো, আমি জানি না। বোধ হয় বাদই দেওয়া হতো আমাকে।’ কারও নাম উল্লেখ করেননি, কিন্তু ইঙ্গিতটা অধিনায়ক মিসবাহ ও কোচ ওয়াকারের দিকেই ছিল।
স্বভাবতই দলের সিনিয়র একজন খেলোয়াড়ের এমন মন্তব্যে হতাশ ওয়াকার। শ্রীলঙ্কা সফররত পাকিস্তান দলের কোচ দ্বীপ দেশটির একটি দৈনিককে বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টে সেঞ্চুরি না পেলে তাঁকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হতো বলে যা বলেছেন ইউনিস, সেটা মোটেই ঠিক নয়।’ ইউনিসকে চাপে রাখার কথাটাও সত্য নয় বলে দাবি ওয়াকারের, ‘ইউনিসকে বাদ দেওয়ার কোনো উদ্দেশ্যই আমাদের নেই। তাঁকে আমরা চাপে রাখি, এটাও ঠিক নয়।’
ওয়ানডে খেলতে পারছেন না বলে আক্ষেপ করেছিলেন ইউনিস। সে প্রসঙ্গে ওয়াকার বলেছেন, ‘প্রয়োজন হলে তাঁকে অবশ্যই দলে নেওয়া হবে।’ পিটিআই।