ইউনিসের রেকর্ড ছোঁয়ার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ এক সেঞ্চুরি করে ফিরছেন ইউনিস। ছবি: এএফপি
দারুণ এক সেঞ্চুরি করে ফিরছেন ইউনিস। ছবি: এএফপি

পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর প্রতিক্রিয়ায় কদিন আগে ‘স্বেচ্ছানির্বাসনে’র ঘোষণা দিয়েছিলেন ইউনিস খান। অভিমান ভুলে পাকিস্তানের এ অভিজ্ঞ ব্যাটসম্যানের আপাতত মনোযোগ খেলায়। সেটিরই প্রমাণ মিলল দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে। দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে ভাগ বসালেন ইনজামাম-উল-হকের রেকর্ডে। ইউনিসের শতকে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২১৯।
ইনজামামের সঙ্গে ইউনিসও এখন টেস্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৫ সেঞ্চুরির মালিক। এ রেকর্ড করতে ইনজিকে খেলতে হয়েছিল ১২০ টেস্ট। ইউনিসের সেখানে লেগেছে ৯২ টেস্ট। শুধু তা-ই নয়, তিনি একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান, যিনি সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে এ রেকর্ড রয়েছে মাত্র ১২ ব্যাটসম্যানের।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বেশ চাপেই পড়ে পাকিস্তান। মিচেল জনসন ও পিটার সিডলের আঘাতে ৭ রানেই নেই দুই ওপেনার। দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন আজহার আলী ও ইউনিস। দুজনে এগোতে থাকেন বেশ ধীর-লয়ে। পাকিস্তানের ইনিংসে প্রথম বাউন্ডারিই এসেছে ১৩তম ওভারে। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ১০৮ রান। জনসনের বলে ফেরার আগে আজহারের সংগ্রহ ৫৩ রান। এরপর মিসবাহ-উল-হকের সঙ্গে আরেকটি জুটি গড়েন ইউনিস। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ৮৩ রান। এ দুটি জুটির কারণেই দিনটি পাকিস্তানের বলা যায়।
৮০তম ওভারে নাথান লায়নকে লং-অনে উড়িয়ে মেরে সেঞ্চুরি পূরণ করেন ইউনিস। জনসনের বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে করেন ১০৬। ততক্ষণে ছুঁয়ে ফেলেছেন ইনজামামের ২৫ সেঞ্চুরি। ৩৬ বছর বয়সী পাকিস্তানি ব্যাটসম্যান গত আগস্টেই গলে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ২৪তম টেস্ট সেঞ্চুরি।
দিন শেষে ৩৪ রানে উইকেটে রয়েছেন মিসবাহ, সঙ্গে আসাদ শফিক ৯ রানে। পাকিস্তানের ৪ উইকেটের ৩টিই নিয়েছেন জনসন। এএফপি, টেন ক্রিকেট।