ইউনিসের রেকর্ডছোঁয়া দ্বিশতকে জয় দেখছে পাকিস্তান

বয়স হয়ে গেছে ৩৮। ক্রিকেটারদের ক্যারিয়ারের হিসাবে বুড়োই বলা চলে। সিরিজের আগের তিন টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ। সেঞ্চুরি তো দূরে থাক, একটা ফিফটিও নেই। ইউনিস খানের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েই দেখা দিচ্ছিল শঙ্কা। কিন্তু সব শঙ্কা যেন এক ফুৎকারে উড়িয়ে দিলেন পাকিস্তানি ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে আগের দিনই অপরাজিত ছিলেন সেঞ্চুরি করে, কাল তৃতীয় দিনে সেটিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। ইউনিসের রেকর্ডছোঁয়া দ্বিশতকের পর ইয়াসির আলীর বোলিং মিলিয়ে তৃতীয় দিন শেষেই জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান।
বয়স নিয়ে কথা হচ্ছিল, ইউনিসের রেকর্ডটাও বয়সের হিসাবেই। বয়স ৩৫ পেরোনোর পর ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের মধ্যে এত দিন সবার চেয়ে এগিয়ে ছিলেন কুমার সাঙ্গাকারা, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে তিনবার ২০০ বা তার বেশি করেছেন সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান। ৩৫ পেরোনো ‘বুড়ো’দের দ্বিশতকের তালিকায় শীর্ষস্থানে সাঙ্গাকারার পাশে বসলেন ইউনিসও। ক্যারিয়ারে সব মিলিয়ে ২০০–র বেশি করেছেন ছয়বার, তিনটিই ৩৫ পেরোনোর পর।
কেনিংটন ওভালে ইউনিসের রেকর্ডছোঁয়া ইনিংসের সৌজন্যেই কাল ২১৪ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে পাকিস্তান। ৬ উইকেটে ৩৪০ রান নিয়ে দ্বিতীয় দিনটি শেষ করেছিল তারা, কাল শেষ ৪ উইকেটে আরও যোগ করল ২০২ রান। আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত থাকা ইউনিস শেষ পর্যন্ত আউট হয়েছেন ২১৮ রান করে। তাঁকে শেষ দিকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন সরফরাজ আহমেদ (৪৪) ও ১০ নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ আমির (৩৯)।
ব্যাটিংয়েই পাকিস্তানের জয়ের স্বপ্ন বুনে দিয়ে গিয়েছিলেন ইউনিস, বোলিংয়ে সেটিকে আরও প্রস্ফুটিত করলেন ইয়াসির শাহ। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে নিয়েছিলেন ১০ উইকেট, কিন্তু এরপর হঠাৎই খেই হারিয়ে ফেলেছিলেন। এই টেস্টেরও প্রথম ইনিংসেও ছিলেন উইকেটশূন্য। কিন্তু কাল দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন। ইনিংসের শুরুতেই ওয়াহাব রিয়াজ ফিরিয়ে দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককে (৭), এরপর পাকিস্তানের বোলিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ইয়াসির। ৭ ওভার বোলিং করেছেন, তাতেই তুলে নিয়েছেন অ্যালেক্স হেলস, জো রুট ও জেমস ভিন্সের উইকেট। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৮৮ রান নিয়ে দিন শেষ করেছেন ইংলিশরা।
টেস্টে এখনো দিন বাকি আছে দুটি। পাকিস্তানের চেয়ে এখনো ১২৬ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড, হাতে উইকেট ছয়টি। চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডকেই এই সিরিজ জিততে হলে এখন অবিশ্বাস্য কিছু করতে হবে। সূত্র: ক্রিকইনফো।