ইউনিসের সঙ্গী লোয়ার অর্ডারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিসকে থামিয়ে দিলেন দিলরুয়ান পেরেরা। ৫ উইকেট নিয়ে তিনিই শ্রীলঙ্কার সফলতম বোলার ।  ক্রিকইনফো
ইউনিসকে থামিয়ে দিলেন দিলরুয়ান পেরেরা। ৫ উইকেট নিয়ে তিনিই শ্রীলঙ্কার সফলতম বোলার । ক্রিকইনফো

লাঞ্চের পর পঞ্চম ওভারের খেলা চলছে। দিলরুয়ান পেরেরার তৃতীয় বলটা মারবেন বলে ক্রিজ থেকে একটু এগিয়ে এলেন। কিন্তু ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন সে রকম হলো না। ফলাফল, মিড উইকেটে কিতুরুয়ান ভিতানাগের হাতে ক্যাচ। ইউনিস খানের দুর্দান্ত এক ইনিংসের সমাপ্তি। জাভেদ মিয়াঁদাদকে আপাতত আর পেরিয়ে যাওয়া হলো না তাঁর। প্রায় দুই দশক আগে ক্রিকেটকে বিদায় বলা ‘বড়ে মিঁয়া’ ৫২.৫৭ গড় নিয়ে এখনো পাকিস্তানের সেরা টেস্ট গড়ের মালিক। কাল অনেকটা সময় ইউনিস সম্ভাবনা জাগিয়েছিলেন তাঁকে পেরিয়ে যাওয়ায়। ১৭৭ রানে আউট হয়ে যাওয়ার পর আপাতত তাঁর টেস্ট গড় দাঁড়িয়েছে ৫২.২৪। সেটার জন্য অবশ্য তাঁর খুব বেশি আফসোস থাকার কথা নয়। বরং মাত্র ২৩ রানের জন্য ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরিটা না পাওয়াতেই হয়তো দিন শেষে একটু আক্ষেপে পুড়ছেন পাকিস্তানি এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
ইউনিসের ব্যক্তিগত এই আক্ষেপটুকু বাদ দিলে গল টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটাও পাকিস্তানেরই বলা যায়। ইউনিস খানের অসাধারণ ইনিংসের পাশাপাশি আসাদ শফিক, সরফরাজ আহমেদ ও আবদুর রেহমানের ফিফটির ওপর দাঁড়িয়ে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৪৫১ রান। সর্বশেষ আট বছরে টেস্টের প্রথম ইনিংসে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। জবাবে মাত্র ২৪ রানে উপুল থারাঙ্গাকে হারালেও বাকি সময়টা বেশ ধীরস্থিরভাবে পার করে দিয়েছেন কুশল সিলভা আর কুমার সাঙ্গাকারা। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৯৯ রান। বিদায়ী সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে নামার অপেক্ষাটা তাই একটু বেড়েছে মাহেলা জয়াবর্ধনেরও।
ইনিংস শুরুর ধাক্কাটা পরশু দিন শেষ হওয়ার আগেই সামাল দিয়েছিলেন ইউনিস-আসাদ শফিকরা। কাল শুরুটাও যেন সেখান থেকেই করলেন। আগের দিনের ৫৫ রানের সঙ্গে আরও ২০ রান যোগ করে শফিক ফিরে গেলেও সেই এক পাশে ইউনিস ছিলেন অবিচল। সাত নম্বরে ব্যাট করতে নামা সরফরাজ আহমেদের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েছেন। এই টেস্টের আগে যার ব্যাটিং-গড় ছিল মাত্র ১৮.৫৮, সেই সরফরাজ আউট হওয়ার আগে করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি (৫৫)। অর্ধশতকের দেখা পেয়েছেন নয় নম্বরে ব্যাট করতে নামা আবদুর রেহমানও।
জবাবে উপুল থারাঙ্গা শুরু করেছিলেন প্রায় টি-টোয়েন্টি স্টাইলে। কিন্তু ১৫ বলে ১৯ রান করে থারাঙ্গা ফিরে যান পঞ্চম ওভারেই জুনায়েদ খানের শিকার হয়ে। দ্বিতীয় উইকেটে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অবশ্য দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই পার করেছেন কুশল সিলভা ও কুমার সাঙ্গাকারা। টেন ক্রিকেট।

স্কোরকার্ড
পাকিস্তান ১ম ইনিংস
(১ম দিন শেষে, ২৬১/৪; ইউনিস ১৩৩*, শফিক ৫৫*)
রান বল ৪ ৬
ইউনিস ক ভিতানাগে ব পেরেরা ১৭৭ ৩৩১ ১৫ ১
শফিক এলবিডব্লু ব হেরাথ ৭৫ ১৪৭ ৮ ২
সরফরাজ ক ম্যাথুস ব পেরেরা ৫৫ ৭১ ৬ ০
রেহমান ক সাঙ্গাকারা ব পেরেরা ৫০ ৬১ ৬ ১
আজমল ক জয়াবর্ধনে ব পেরেরা ১২ ২৩ ১ ০
তালহা অপরাজিত ৯ ১৯ ০ ১
জুনাইদ ক জয়াবর্ধনে ব পেরেরা ০ ৩ ০ ০
অতিরিক্ত (লেবা ৪, নো ১) ৫
মোট (১৪০.৫ ওভারে অলআউট) ৪৫১
উইকেট পতন: ৪-১৫৬, ৫-২৯৩, ৬-৩৫৯, ৭-৩৮৮, ৮-৪২৪, ৯-৪৫১।
বোলিং: ইরাঙ্গা ৩১-১৩-৭৮-০ (নো ১), প্রসাদ ২৪-৩-৮১-২, ম্যাথুস ১৫-৭-২৫-০, হেরাথ ৩৮-৯-১১৬-৩, পেরেরা ৩১.৫-১-১৩৭-৫, ভিতানাগে ১-০-১০-০।
শ্রীলঙ্কা ১ম ইনিংস
থারাঙ্গা এলবিডব্লু ব জুনাইদ ১৯ ১৫ ৪ ০
সিলভা ব্যাটিং ৩৮ ৯৪ ৭ ০
সাঙ্গাকারা ব্যাটিং ৩৬ ৯৫ ৪ ০
অতিরিক্ত (বা ১, ও ৫) ৬
মোট (৩৪ ওভারে, ১ উইকেটে) ৯৯
উইকেট পতন: ১-২৪।
বোলিং: জুনাইদ ১০-৩-৩৮-১, তালহা ৭-৩-২৬-০ (ও ১), আজমল ১২-৪-১৯-০, রেহমান ৫-০-১৫-০।