ইউনিসের সম্মান রাখলেন আজহার

চার্লস ব্যানারম্যান, বিলি মারডক, অ্যান্ডি স্যান্ডহাম—টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান, ডাবল সেঞ্চুরিয়ান ও ট্রিপল সেঞ্চুরিয়ান। কিন্তু দিবারাত্রির টেস্ট ইতিহাসে শুধু একটি নাম বললেই যথেষ্ট—আজহার আলী!
পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছেন আজহার। চতুর্থ পাকিস্তানি হিসেবে টেস্টে ত্রিশতক। তবে এমন কীর্তির পর আজহারের কথা শুনে মনে হচ্ছে, পাকিস্তানের ড্রেসিংরুমে এখন ইউনিস খানের আসনটা নিয়ে টানাটানি শুরু হবে! কারণ, ইতিহাসের অংশ হওয়ার কৃতিত্বটা দেশের তৃতীয় ট্রিপল সেঞ্চুরিয়ানকেই দিলেন আজহার, ‘এ ম্যাচে ইউনিসের অভাব বোধ করেছি। উনিই আমার আদর্শ। এ ম্যাচে ড্রেসিংরুমে তাঁর আসনেই বসেছি আমি, তাঁর সম্মান তো রাখতে হতো! আমি গর্বিত যে তাঁর কীর্তিতে আমিও অংশীদার হতে পেরেছি। আর তিনি সেঞ্চুরি করলেই সেটিকে বড় ইনিংসে কিংবা ডাবল সেঞ্চুরির রূপ দেন।’ ডেঙ্গু জ্বরে ভুগে দুবাই টেস্টে খেলছেন না পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ইউনিস। তবে প্রথম ইনিংসে তাঁর অভাবটা একেবারেই বুঝতে দেননি আজহার।
পাকিস্তানের দ্বিতীয় তিন শ রানের ইনিংসের ম্যাচেও মাঠে ছিলেন আজহার। ২০০২ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনজামাম-উল হক ৩২৯ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেছিলেন। সেদিন থেকেই এমন এক কীর্তি গড়ার স্বপ্ন দেখে আসছিলেন আজহার, ‘আমার মনে আছে, ইনজামাম যখন ট্রিপল সেঞ্চুরি পেলেন, সেদিন বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলাম আমি। এখন আমার নিজেরই একটি ট্রিপল সেঞ্চুরি আছে এবং এটা অসাধারণ একটা অর্জন। এ নিয়ে আমি গর্বিত। এ অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়, এ কথা সারা জীবন মনে থাকবে আমার।’
নিজের এ অর্জনে দেশবাসীকেও অংশীদার করে নিয়েছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক, ‘এ অর্জন আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই, আমাকে প্রতিনিয়ত পথ দেখিয়েছেন তাঁরা। দেশের মানুষকেও উৎসর্গ করতে চাই, মনে করিয়ে দিতে চাই, সব সময় আমরা ভালো না-ও খেলতে পারি।’ এএফপি।
৮ম
টেস্টে তিন শ পার করে অপরাজিত থাকা অষ্টম ব্যাটসম্যান আজহার আলী।
৫৮ বছর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরিটি এসেছিল ১৯৫৮ সালে। করেছিলেন আরেক পাকিস্তানি, হানিফ মোহাম্মদ। ক্যারিবীয়দের বিপক্ষে আর একজনই শুধু ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন, ১৯৩০ সালে অ্যান্ডি স্যান্ডহামের ৩২৫ রানের সেই ইনিংসটি ছিল ইতিহাসের প্রথম ত্রিশতক।