ইউনিসের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনই বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়েছেন দিনভর। ২৫০ রানের জুটি গড়ার পথে আজহার-ইউনিস। কাল মিরপুরে l প্রথম আলো
দুজনই বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়েছেন দিনভর। ২৫০ রানের জুটি গড়ার পথে আজহার-ইউনিস। কাল মিরপুরে l প্রথম আলো

টেস্টে তাঁর আগের সেঞ্চুরিটা ছিল গত বছরের নভেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটি এসেছে আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে। ওই নিউজিল্যান্ডের বিপক্ষেই পরের মাসে একই ভেন্যুতে সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি। তারপর টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৭টি ইনিংস খেলেছেন, সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি তো দূরের কথা, সবচেয়ে বড় ইনিংসটাই ছিল ৩৭ রানের। এই রানখরাই যেন কাল ব্যাট হাতে একেবারে পুষিয়ে দিলেন ইউনিস খান। ১৪৮ রানের ইনিংসটা শুধু তাঁর নিজের ওপর থেকেই চাপ কিছুটা কমাল না, মিরপুর টেস্টের প্রথম দিন শেষে স্বস্তির জায়গায় নিয়ে গেল পাকিস্তানকেও।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে ইউনিসও স্বীকার করলেন সেই স্বস্তির কথা, ‘যখনই দলের আমাকে দরকার হয়, চেষ্টা করি সেরাটা দিতে। আমি দলের জন্য রান করতে পছন্দ করি। এখানে আমার দল চাপে ছিল। আমার কাছ থেকে রান চাইছিল। আল্লাহর রহমতে সেটা করতে পেরেছি। দলের জন্য তা যেমন ভালো হয়েছে, আমার জন্যও।’
টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি। একটা সময় টেস্ট সেঞ্চুরির ক্ষেত্রে ‘২৯’ সংখ্যাটা ছিল পৃথিবীর সব ব্যাটসম্যানের জন্য পরম আরাধ্য একটা ব্যাপার। ১৯৪৮ সালে ডন ব্র্যাডম্যান ২৯তম সেঞ্চুরিটা করে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার পর সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা অক্ষুণ্ণ ছিল প্রায় ৩৫ বছর। ১৯৮৩ সালে সুনীল গাভাস্কার তাঁর ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি করে সে রেকর্ড ভেঙে দিয়ে বোঝালেন কিছু কিছু ক্ষেত্রে ব্র্যাডম্যানকেও পেছনে ফেলা যায়। তারপর শচীন টেন্ডুলকার (৫১টি) সেঞ্চুরির এই রেকর্ডটাকে এমন এক জায়গায় নিয়ে গেলেন যে ২৯ সেঞ্চুরির সেই পরম আরাধ্য ব্যাপারটা এখন আর নেই। ইউনিসসহ এখন টেস্টে ২৯ কিংবা এর চেয়ে বেশি সেঞ্চুরির মালিক ১৩ জন! এমন ‘সাধারণ’ ব্যাপার হয়ে গেছে বলেই কি না সংবাদ সম্মেলনেও এ বিষয়ে কোনো প্রশ্নই হলো না!
অবশ্য ইউনিসের ইনিংসটা একেবারে নিখাদ ছিল না। ৭৮ রানে সৌম্যর বলে ক্যাচ তুলে দিয়েছিলেন শর্ট কাভারে সাকিবের হাতে। কিন্তু ওভারস্টেপিংয়ের কারণে নো বল হওয়ায় সে যাত্রা বেঁচে যান ইউনিস। সৌভাগ্যের কথা অকপটে স্বীকার করলেন পাকিস্তানি এই ব্যাটসম্যানও, ‘কখনো কখনো আপনার এই রকম ভাগ্যের সহায়তা দরকার হয়। হয়তো আমার সঙ্গে বাবা-মা শুভাকাঙ্ক্ষীদের দোয়া ছিল। আর সুযোগটা পাওয়ার পর আমিও আরেকটু সতর্ক হলাম, ভাবতে শুরু করলাম, যদি আমি আরও বেশি মনোযোগী হতে পারি তাহলে বড় একটা সেঞ্চুরি করা সম্ভব।’
শুধু ব্যাট হাতে তাঁকে সঙ্গ দেওয়াই নয়, জুটি গড়ে ওপাশে প্রায় সমানতালে রান করেছেন আরেক সেঞ্চুরিয়ান আজহার আলীও। ইউনিস তাই কৃতিত্ব দিলেন সঙ্গীকেও, ‘সে দারুণ ব্যাট করেছে। দুর্দান্ত ইনিংস খেলেছে।’
দুজনের ব্যাট হাসায় দিন শেষে টেস্টের নিয়ন্ত্রণও পাকিস্তানের হাতে। তবে খুলনা টেস্টের কথা মনে রেখে ইউনিসরা সতর্ক থাকতে চান এখানে, ‘যেভাবে সর্বশেষ টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে, আমার মনে হয় না আমাদের কাজটা খুব একটা সহজ হবে। কাল (আজ) প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সেটা ভালোভাবে পার করতে পারলে বেশ বড় স্কোরই গড়তে পারব আমরা।’
নিশ্চয়ই তা হতে দিতে চাইবে না বাংলাদেশ।

টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি
ম্যাচ সেঞ্চুরি
শচীন টেন্ডুলকার (ভারত) ২০০ ৫১
জ্যাক ক্যালিস (দ. আফ্রিকা) ১৬৬ ৪৫
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ১৬৮ ৪১
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ১৩০ ৩৮
রাহুল দ্রাবিড় (ভারত) ১৬৪ ৩৬
সুনীল গাভাস্কার (ভারত) ১২৫ ৩৪
ব্রায়ান লারা (ও. ইন্ডিজ) ১৩১ ৩৪
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ১৪৯ ৩৪
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) ১৬৮ ৩২
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) ১০৩ ৩০
শিবনারায়ণ চন্দরপল (ও. ইন্ডিজ) ১৬৪ ৩০
ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) ৫২ ২৯
ইউনিস খান (পাকিস্তান) ৯৮* ২৯