ইউনিসের ১৯ রানের অপেক্ষা
পরিসংখ্যানে জাভেদ মিয়াঁদাদকে পেরিয়ে যাবেন, এতে এখন আর কোনো সংশয় নেই। কিন্তু ব্যাটসম্যান হিসেবে কি নিজেকে মিয়াঁদাদের সঙ্গে তুলনীয় মনে করেন ইউনিস খান? জবাবটা ইউনিসের মুখেই শুনুন, ‘যদি আমি রানে তাঁকে পেরিয়েও যাই, তাঁর উচ্চতায় কখনো পৌঁছাতে পারব না। তিনি লাখো মানুষের আদর্শ।’
১৯৭৬ থেকে ১৯৯৩ পর্যন্ত বিস্তৃত বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে ১২৪ টেস্ট খেলে মিয়াঁদাদ রান করেছেন ৮৮৩২। ১০১ টেস্ট খেলে ইউনিসের রান এখন ৮৮১৪। সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু পাকিস্তান-ইংল্যান্ড তিন টেস্ট সিরিজে আর মাত্র ১৯ রান করলেই মিয়াঁদাদকে পেরিয়ে যাবেন ইউনিস। হয়ে যাবেন টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক। তবে দুর্দান্ত এই অর্জনের সামনে দাঁড়িয়েও বিনয়ী ৩৭ বছর বয়সী পাকিস্তানি ব্যাটসম্যান, ‘পরিসংখ্যানে মিয়াঁদাদকে পেরিয়ে যাওয়া দারুণ ব্যাপার। তবে তিনি পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি। আমি তাঁর কাছাকাছিও নই।’
একটা জায়গায় অবশ্য মিয়াঁদাদসহ অন্য সব পাকিস্তানি কিংবদন্তিদের ছাড়িয়ে গেছেন ইউনিস। টেস্টে তাঁর সর্বশেষ ইনিংসটা গত জুলাইয়ে পাল্লেকেল্লেতে, শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ইনিংসেই সেঞ্চুরি করে নিজের টেস্ট সেঞ্চুরির সংখ্যাটা নিয়ে গেছেন ৩০-এ। টেস্টে পাকিস্তানের হয়ে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আর কারও নেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরি ইনজামাম-উল-হকের। টেস্টে রানের হিসাবেও তাঁর আর মিয়াঁদাদের মাঝখানে আছেন ইনজামাম (৮৮২৯)। তবে মিয়াঁদাদকে পেরিয়ে গেলে তো ইনজামাম এমনিতেই পেছনে পড়ে যাবেন।
সেঞ্চুরির ক্ষেত্রে অবশ্য একটা জায়গায় মিয়াঁদাদের সঙ্গে মিল আছে ইউনিসের। ১৯৭৬ সালে লাহোরে টেস্ট অভিষেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মিয়াঁদাদ। টেস্ট অভিষেকে সেঞ্চুরি আছে ইউনিসেরও, সেটা ২০০০ সালে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এএফপি।