ইউনুসের আফসোস

দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাবেন, হলপ করে বলা যাচ্ছে না। পেলে সেটার দৈর্ঘ্যও কতটা হবে বলা কঠিন। আর তাই হয়তো দুর্দান্ত একটা সুযোগই হাতছাড়া করলেন ইউনুস খান। আগের তিন টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। আজ মনে হচ্ছিল, ফর্মের টাট্টু ঘোড়ায় সওয়ার পাকিস্তানি ব্যাটসম্যান টানা চতুর্থ টেস্টে পঞ্চম সেঞ্চুরিটা তুলে নেবেন। কিন্তু শেষ পর্যন্ত ফিরলেন ৭২ রান করে।
ইউনুসের মতো সেঞ্চুরি হাতছাড়ার দুঃখে পুড়েছেন আজহার আলীও। তিনিও সত্তরের ঘরে (৭৫) গিয়ে আউট হয়েছেন। ৪৪ রান করে ফিরেছেন আসাদ শফিক। দুবাই টেস্টের লাগাম এখনো নিউজিল্যান্ডের হাতে। পাকিস্তান তৃতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ২৮১ রান নিয়ে। নিউজিল্যান্ড ১২২ রানে এগিয়ে। তিন দিনেও দুই দলের একটা করে ইনিংসও শেষ না হওয়াতে ঈশাণ কোণে ড্রটাই উঁকি দিচ্ছে। তবে আগামীকাল প্রথম সেশনে কী হয়, সেটির ওপর নির্ভর করছে সবকিছু।
ইউনুসের জন্য এটাই একটা শাখের করাত। দলীয় দৃষ্টিকোণ থেকে তিনি অবশ্যই চাইবেন দল যেন লাঞ্চ তো বটেই, পরের সেশনটাতেও ব্যাটিং টেনে নিয়ে যায়। তাহলে ড্র অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। যদিও তাতে তাঁর সেঞ্চুরি করার মতো সময় মেলার সম্ভাবনা কমে যাবে। বরং কাল সাতসকালে পাকিস্তান অলআউট হয়ে গেলে এই ম্যাচে ফল দেখার সম্ভাবনা জাগবে। আর ইউনুসও হয়তো আরেকবার সুযোগ পাবেন ব্যাট করার। সুযোগ পাবেন টানা চতুর্থ টেস্টে সেঞ্চুরি করার।
টানা পাঁচ টেস্টে সেঞ্চুরি আছে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের, যেখানে ইউসুফের সঙ্গী জ্যাক ক্যালিস আর গৌতম গম্ভীর। আর টানা ছয় টেস্টে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডটা এখনো নিজের দখলে রেখেছেন স্যার ডন ব্র্যাডম্যান। চতুর্থ সেঞ্চুরি সেই পথে আরেকটু এগিয়ে দেবে ইউনুসকে। আর যদি তা না হয়, আজকের ২৮ রানের শূন্যতা ভীষণ পোড়াবে তাঁকে, ভীষণ!