ইউরোতে থাকবেন প্লাতিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ঠিক থাকলে ২০১৬ ইউরো ফাইনালে অতিথি হয়ে ভিআইপি বক্সে বসতেন। শুধু বসতেন কেন, তাঁর নিজের দেশে টুর্নামেন্ট, তিনিই তো থাকতেন সেটার সর্বেসর্বা। কিন্তু ফিফার দুর্নীতির ঝড়ে পুরো ভোজবাজির মতো পাল্টে গেল মিশেল প্লাতিনির জগৎ। ফিফার নিষেধাজ্ঞা থাকায় এই মুহূর্তে তিনি ইউরোর মঞ্চে ‘অচ্ছুত’। নিষিদ্ধ ফুটবল সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকেই, সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলে হাজিরাও দিচ্ছেন প্লাতিনি। তবে নিষিদ্ধ উয়েফা সভাপতির আশা, সব বাধা পেরিয়ে জুনে শুরু হওয়া ইউরোতেই স্টেডিয়ামে থাকবেন তিনি।
প্লাতিনিকে নতুন করে আশা জাগাচ্ছে গতকাল জুরিখে ফিফার আপিল কমিটির শুনানি। আট ঘণ্টার এই শুনানিতে তাঁর পক্ষে ‘গুরুত্বপূর্ণ প্রমাণ’ দিয়েছেন ফিফা ও উয়েফার দুই কর্মকর্তা। সবকিছু মিলিয়ে শুনানি যেভাবে হয়েছে, তাতে ‘খুবই খুশি’ ৬০ বছর বয়সী সাবেক ফ্রেঞ্চ কিংবদন্তি। এ বছর ইউরো দিয়েই আবার ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার আশাও করছেন, ‘অসাধারণ এই ফুটবল উৎসবে (ইউরো) ফেরার অপেক্ষায় আছি...যেটি ফ্রান্সে অনুষ্ঠিত হবে।’
তাঁর ইউরোতে থাকা-না থাকা অবশ্য নির্ভর করছে আপিল কমিটির সিদ্ধান্তের ওপর। ২০১১ সালে সে সময়ের ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে প্রায় দুই মিলিয়ন ডলার লেনদেন করেছিলেন প্লাতিনি। ওই লেনদেনে ফিফার স্বার্থ সংরক্ষিত হয়নি—এই অভিযোগে প্লাতিনি ও ব্ল্যাটারকে প্রথমে ৯০ দিন ও পরে গত ডিসেম্বরে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফার নৈতিকতা কমিটি। রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন দুজনেই। পরশু এরই শুনানিতে হাজির হয়েছিলেন প্লাতিনি, গতকাল শুনানি ছিল ব্ল্যাটারেরও।
শুনানি থেকে বেরিয়ে এসে বেশ নির্ভার প্লাতিনি, ‘সব ঠিকঠাকই ছিল। উপস্থিত সকলেই অনেক আন্তরিক ছিলেন। সবকিছু যেভাবে হয়েছে, তাতে আমি খুবই খুশি।’ সব সময়ই নিজেকে নিরপরাধ দাবি করে আসা প্লাতিনির জন্য স্বস্তি, শুনানিতে তাঁর পক্ষে সাক্ষ্য দিয়েছেন ফিফা নির্বাহী কমিটির সদস্য অ্যাঞ্জেল মারিয়া ভিলার ও ২০১৬ ইউরোর আয়োজক কমিটির প্রধান জ্যাক ল্যাম্বার্ট। এটিই প্লাতিনিকে আরও আশাবাদী করছে ১০ জুন শুরু হতে যাওয়া ইউরোর আগেই ফেরার, ‘যত দ্রুত সম্ভব আবারও কাজ শুরু করতে চাই। আপিল কমিটির অনুমতি পেলেই অফিসে ফিরব, আর ইউরোর প্রস্তুতি নেব।’ রয়টার্স।