ফিনল্যান্ডের সিনেমা সুন্দর, আইস হকিতে তারা আরও সুন্দর। বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু ফুটবল? একটা উৎসবের দেখা পেতে অপেক্ষার ঘড়িতে কেটে গেছে যুগের পর যুগ।
নভেম্বর, ২০১৯। লিখটেনস্টেইনের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ছিল ফিনল্যান্ড। শেষ বাঁশি বাজার আগেই উৎসব শুরু করেছিল ফিনিশরা। শেষ মুহূর্তে এবার কোনো নাটকীয়তা নেই, বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় শীর্ষ কাতারে থাকা নিচু ভূমির অঞ্চলটির মানুষের মনে এবার আর নেই হৃদয়ভাঙার যাতনা; বরং সেই জয়ে বাল্টিক সাগরের উপকূলবর্তী দেশটিতে বেজে উঠেছিল উৎসবের বাঁশি।
এ বাঁশি দেশের জাতীয় ফুটবল দলের প্রথমবারের মতো কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ার সুর তুলেছিল তখন। আজ সেই সুরকে রাঙানোর দিন ফিনল্যান্ডের, আজ ইউরোয় প্রথমবারের মতো মাঠে নামছে ফিনল্যান্ড। শুধু ইউরো নয়, বড় কোনো টুর্নামেন্টে ফিনল্যান্ডের জাতীয় ফুটবল দলের এটাই প্রথম ম্যাচ।
দুই বছর আগে নর্ডিক দেশটির মানুষের সেই উচ্ছ্বাসের গভীরতা বুঝতে ফিরতে হবে দুই যুগ আগে; ১১-১০-১৯৯৭। এই তারিখ কোনো ফিনিশীয় ফুটবলপ্রেমীকে মনে করিয়ে দিলে মুখটা কুঁচকে যেতে পারে।
সেদিন ১৯৯৮ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ রাউন্ডে হাঙ্গেরির মুখোমুখি হয়েছিল ফিনল্যান্ড। জিতলে তারা সুযোগ পেত দুই লেগের প্লে-অফ পর্বে খেলার। ১-০ গোলে এগিয়ে থাকা খেলার যোগ করা সময়েও পৌঁছে গিয়েছিল ফিনল্যান্ড। মাত্র কয়েক সেকেন্ড বাকি থাকতে কর্নার পায় হাঙ্গেরি।
বক্সে উড়ে আসা বলে শেষ পাঁচটি স্পর্শ ছিল ফিনল্যান্ডেরই খেলোয়াড়দের। পাগলাটে সেই জটলার মধ্যে বল গোললাইন থেকেও ‘ক্লিয়ার’ করা হয়, কিন্তু কীভাবে যেন গোলকিপার তেউভো মলিনানের পিঠে লেগে ঢুকে পড়ে জালে!
সেটি ছিল ম্যাচে কোনো খেলোয়াড়ের বলে শেষ স্পর্শ। এরপরই শেষ বাঁশি, ম্যাচ ১-১ গোলে ড্র। হেলসিংকির অলিম্পিয়াস্তাদিওন স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা।
কোনোমতে পা টেনে অবিশ্বাসের চোখ নিয়ে মাঠ ছেড়েছিলেন ফিনল্যান্ডের খেলোয়াড়েরা। ২২ বছর বয়সী জুহা রেইনির জাতীয় দলের হয়ে সেটা ছিল প্রথম ম্যাচ, ‘ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগেও মনে হয়েছিল এটাই ফুটবল, যেখানে হার বলে কিছু নেই, জিতে বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া যায়। কিন্তু ওই মুহূর্তের পর মনে জেঁকে বসা কালো স্মৃতিটা দু-তিন বছর আগপর্যন্তও টিকে ছিল।’
কিন্তু এরপরও ‘হ্রদ ও জলাভূমির দেশ’খ্যাত ফিনল্যান্ডের আশার বাতিঘর নেভেনি। একবিংশ শতাব্দীর শুরুতে লিটমান, সামি হাইপিয়া, আন্তি নিয়েমির মতো প্রতিভাবান কিছু ফুটবলার পায় ফিনল্যান্ড। ‘সোনালি প্রজন্ম’ তকমা দেওয়া হয়েছিল। আর আশা ছিল এবার হয়তো বড় টুর্নামেন্টে খেলার দরজা খুলবে।
রয় হজসনের অধীনে ২০০৮ ইউরো বাছাইপর্বে ভালোই খেলল ফিনল্যান্ড। মূল পর্বে খেলতে শেষ ম্যাচে দরকার ছিল জয়। কিন্তু সমস্যা ছিল প্রতিপক্ষের নাম—পর্তুগাল। নুনো গোমেজ, ক্রিস্টিয়ানো রোনালদোদের গোলবঞ্চিত রাখলেও ফিনল্যান্ড গোল করতে পারেনি। গোলশূন্য ড্রয়ে আবারও স্বপ্নভঙ্গ।
এই স্বপ্নভঙ্গের মধ্যেই নতুন স্বপ্ন গড়ছিল ফিনল্যান্ডের অনূর্ধ্ব-২১ দল। অনূর্ধ্ব-২১ ইউরোর মূল পর্বে নাম লেখায় তারা, সেটি ছিল তাদের ইতিহাসে প্রথম। কোচ মার্কু কানেরভার গড়া সেই দলের অধিনায়ক ছিলেন টিম স্পার্ভ। নাম দুটো পরিচিত লাগছে?
হ্যাঁ, ফিনিশ ফুটবলে কোচ ও একই সঙ্গে শিক্ষকখ্যাত কানেরভা ফিনল্যান্ডের বর্তমান দলেরও কোচ, স্পার্ভ অধিনায়ক। সেই বয়সভিত্তিক দলের আরও অনেকেই আছেন এই দলে। কেউই তেমন বড় কোনো তারকা হতে পারেননি, নরউইচ সিটির টিমু পুক্কিকে খানিকটা এগিয়ে রাখা যায়। রেইনির ভাষায়, ‘তারা ক্লাব ম্যাচের মতো খেলে। নিজ দায়িত্বটা সবাই জানে। তেল দিয়ে ভালোভাবে যত্ন নেওয়া যন্ত্রের মতো ফুটবল খেলে সবাই।’
পুক্কি-স্পার্ভদের এই ফিনল্যান্ড আজ ইউরোয় বাংলাদেশ সময় রাত ১০টায় ডেনমার্কের মুখোমুখি হবে। এই ম্যাচের আগে ফিনল্যান্ডের প্রেরণা নিঃসন্দেহে তাদের আইসল্যান্ড—আরেক স্ক্যান্ডিনেভিয়ান দেশ।
মনে পড়ে ২০১৬ ইউরোয় ‘ভাইকিং ক্ল্যাপ’? কোয়ার্টার ফাইনালে উঠে চমকে দেওয়া আইসল্যান্ড! ‘বি’ গ্রুপে ফিনল্যান্ডের বাকি দুই প্রতিপক্ষ রাশিয়া ও র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বেলজিয়াম।
এই কঠিন বাধা টপকাতে পুক্কিই ভরসা। বাছাইপর্বে ফিনল্যান্ডের ১৬ গোলের ১০টিই এসেছে তাঁর কাছ থেকে। চ্যাম্পিয়নশিপে ২৬ গোল করে চ্যাম্পিয়ন করেছেন নরউইচকে। গত বছরের নভেম্বরে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে চমকে দেওয়ার অভ্যাসও গড়েছে ফিনল্যান্ড।
কানেরভার ভাষায়, ‘অবশ্যই আইসল্যান্ড আমাদের প্রেরণা। তারা দেখিয়েছে, কথিত ছোট দেশগুলোও স্বপ্ন সত্যি করতে পারে।’