ইচ্ছা করে বল ধরেননি বলে দাবি স্টোকসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেন স্টোকস ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট নিয়ে বিতর্ক চলছেই। বলটা ইচ্ছাকৃতভাবে ঠেকিয়েছেন, নাকি নিজেকে রক্ষা করতে চেয়েছেন, এ নিয়ে নানাজনের নানা মত। শুরুতে এ নিয়ে মুখ খোলেননি স্টোকস। তবে কাল আত্মপক্ষ সমর্থন করে তিনি দাবি করেছেন, কাজটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল না।
ক্রিকইনফোকে দেওয়া প্রতিক্রিয়ায় স্টোকস বলেছেন, ‘একজন মানুষ (বোলার মিচেল স্টার্ক) আমার ৫ ফুট দূর থেকে বল ছুড়ে মেরেছে। এটা শুধুই স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। আমি ইচ্ছা করে হাত বাড়াইনি। নিজেকে বাঁচানোর জন্য এটাই মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু সিদ্ধান্ত যা হওয়ার তা তো হয়েই গেছে, আমার আর কিছু করার নেই।’
‘কিছু করার নেই’ বলেই এই বিতর্ক ভুলে সামনে তাকাতে চান স্টোকস, ‘এটা এমন একটা সিদ্ধান্ত, যা নিয়ে পড়ে থাকলে কিংবা অনুতপ্ত হলে চলবে না। কারণ যা হওয়ার তো হয়েই গেছে, আপনি সেটা বদলাতে পারবেন না। খুব লজ্জাজনক যে, এটা নিয়ে এত হইচই হয়ে গেল।’
স্টোকসের আউটের আবেদনটা অস্ট্রেলিয়ার প্রত্যাহার করা উচিত ছিল কি না, সেই বিতর্কও হচ্ছে। ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান ম্যাচ শেষেই বলেছেন, তিনি হলে সেটাই করতেন। একই সুর নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের কণ্ঠেও। যিনি মনে করেন, ক্রিকেটীয় চেতনা ঊর্ধ্বে রেখে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের আবেদনটা প্রত্যাহার করা উচিত ছিল। মরগানের খুব ভালো বন্ধু ম্যাককালাম ইংল্যান্ডের ডেইলি মেইল পত্রিকায় এক কলামে লিখেছেন, ‘একদিন সে লর্ডসে বেন স্টোকসের এই আউটটার দিকে ফিরে তাকাবে এবং বুঝতে পারবে, সে ক্রিকেটীয় চেতনাকে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ নষ্ট করেছে।’
কথাটা নিজের অভিজ্ঞতা থেকেই বলছেন ম্যাককালাম। নিজের ক্যারিয়ারে এমন একটা ঘটনা যে এখনো তাঁকে অনুতাপে পোড়ায়, ‘সবাই মাঠে কিছু না-কিছু করি, যেটা নিয়ে পরে আক্ষেপ করি। আমিও করেছি। একটা টেস্ট ম্যাচে আমি মুত্তিয়া মুরালিধরনকে রানআউট করেছিলাম, যখন সে সঙ্গী কুমার সাঙ্গাকারার সেঞ্চুরি উদ্যাপন করছিল। এখন হলে আমি সেটা করতাম না।’
নিজের এবং তাঁর দলের বদলে যাওয়া মানসিকতার কথাও জানিয়ে দিয়েছেন ম্যাককালাম, ‘নিউজিল্যান্ডের এখনকার দলের কেউই এ ঘটনায় আউটের আবেদন করত না। আমি বলছি না, যে আমরা অন্যদের চেয়ে সেরা। কিন্তু আমি জানি, কীভাবে খেলব এ বিষয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। কিছু একটা আমাদের বলে দিত যে, ওই পরিস্থিতিতে “অবস্ট্রাকটিং দ্য ফিল্ড” আউটের আবেদন করা ঠিক নয়।’
স্মিথের জায়গায় মাইকেল ক্লার্ক অধিনায়ক থাকলেও ঘটনাটা অন্য রকম হতো বলে মনে করেন ম্যাককালাম, ‘আমি শুধু ভাবছি, ক্লার্ক যদি অধিনায়ক থাকত, সে পরিস্থিতিটা কীভাবে সামাল দিত? আমি নিশ্চিত, সে আবেদন প্রত্যাহার করত। আমি নিশ্চিত, এউইন মরগানও সেটাই করত।’
সবশেষে ম্যাককালামের মন্তব্য, ‘আবেদনটা প্রত্যাহার না করে স্মিথ অপরিণতের মতো কাজ করেছে। একসময় এটার জন্য সে অনুতপ্ত হবে।’ ক্রিকইনফো, ডেইলি মেইল।