ইডেন পার্কে এক 'সুপারম্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় মেরে জয়ের পর গ্রান্ট এলিয়ট। কাল ওয়েলিংটনে l রয়টার্স
ছয় মেরে জয়ের পর গ্রান্ট এলিয়ট। কাল ওয়েলিংটনে l রয়টার্স

ধারাভাষ্যে ইয়ান স্মিথ চিৎকার করে উঠলেন, ‘সুপারম্যান’! গ্রান্ট এলিয়ট যে তখন নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন ইতিহাস লিখেছেন, তাড়িয়েছেন ১৯৯২ সালের এই ইডেন পার্কেরই ‘সেমিফাইনাল-ভূত’। তবে এলিয়টের উল্লাসের মাত্রাটা থাকল পরিমিত। হতাশায় ক্রিজে শুয়ে পড়া ডেল স্টেইনকে হাত ধরে তুলতেই তো ব্যস্ত হয়ে পড়লেন খানিক বাদেই। ‘সুপারম্যান’ নামে যতই ডাকা হোক, এলিয়ট তো আসলে নির্লিপ্ত একজন!
অথচ এ বিশ্বকাপে তাঁর খেলাই ছিল বিস্ময়। বিস্ময় জোগাতে পারে তো তাঁর নিউজিল্যান্ডের হয়ে খেলাও। জন্ম, বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। ১৯৯২ সালের জন্মভূমির প্রথম বিশ্বকাপ দাগ কেটেছিল মনে। সিদ্ধান্ত নিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটার হবেন।
গওটেংয়ের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেকও হলো ১৯৯৬-৯৭ মৌসুমে। তবে জাতীয় দলে খেলায় বাদ সাধল দক্ষিণ আফ্রিকার ‘কোটা-পদ্ধতি’। সাবেক কিউই অধিনায়ক কেন রাদারফোর্ড তখন গওটেংয়ের অধিনায়ক। তাঁর পরামর্শেই ২০০১ সালে পাড়ি জমালেন নিউজিল্যান্ডে। স্বপ্ন একটাই, আন্তর্জাতিক ক্রিকেট খেলা।
স্বপ্ন পূরণ হলো ২০০৮ সালে এসে। ইংল্যান্ডের সঙ্গে নেপিয়ার টেস্টে জ্যাকব ওরামের জায়গায় সুযোগ পেলেন। তবে টেস্ট ক্যারিয়ার দীর্ঘ হয়নি, ৫ ম্যাচের শেষটি খেলেছেন ২০০৯ সালে। গত বিশ্বকাপের আগে আগে দল থেকে বাদ পড়েন। সেই যে গেলেন, ফেরত এলেন ২০১৩ সালে। পরের বছর বাদ পড়লেন আবার। বিশ্বকাপ খেলার স্বপ্নটাও ফিকে হয়ে গেল আরেকবার।
ডাক পেলেন হঠাৎ করেই। ব্যাটিংয়ের স্থিতিশীলতা বাড়াতে জিমি নিশামের জায়গায় তাঁকেই নিলেন কোচ ও নির্বাচকেরা। তাঁদের সে আস্থার প্রতিদানটা কী ভঙ্গিমাতেই না দিলেন সেমিফাইনালে এসে!
তবে কৃতিত্ব নিজে নিচ্ছেন না, দিচ্ছেন না দলকেও। বলছেন এ জয় দর্শকদের, ‘এখানকার দর্শকেরা অসাধারণ। এমন দর্শকের সামনে খেলাটা দারুণ তৃপ্তির। জয়ের এই ধারা আমরা ধরে রাখতে চাই ফাইনালেও।’ ম্যাচের শেষ দিকে উত্তেজনাময় মুহূর্তেও মুখায়ব আর শরীরী ভাষায় মনে হয়েছে, ছিলেন একদমই নির্ভার। আদতে কিন্তু অন্যরকম, ‘আমাকে যেমন দেখাচ্ছে, ততটা শান্ত ছিলাম না কিন্তু! তবে ৪০ হাজার দর্শক যখন প্রতি বলে চিৎকার করে, তখন সেটি দারুণ অনুপ্রেরণা।’
শেষ দুই বলে দরকার ছিল ৫ রান। উইকেটে সঙ্গী ভেট্টোরি এগিয়ে এসে বলেছিলেন, ‘শেষ করতে হবে কিন্তু তোমাকেই...।’ এলিয়টও দায়িত্ব বুঝে নিয়েছিলেন, ‘আমি চেয়েছিলাম ওই বলেই (৫ম বল) চার বা ছয় মারতে। বল যেখানেই থাকুক, ভেবেছি বলের লাইনে গিয়ে মারব। সেটাই করেছি...জানিও না বলটি কোনদিকে গেছে!’
এলিয়ট কি এটি জানেন, নিউজিল্যান্ডের ক্রিকেট-ইতিহাসের কোন চূড়ায় লেখা হলো তাঁর নাম! তথ্য সূত্র: স্টার স্পোর্টস, ক্রিকইনফো, রয়টার্স।