চোখে চশমা, যেন জাদুর জগতের হ্যারি পটার উঠে এসেছেন ক্রিকেটের মাঠে। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে যখন টেস্ট অভিষেক হলো ড্যানিয়েল ভেট্টোরির, পত্রিকার পাতায় ঠিকরে পড়ল বিস্ময়, ‘কিন্তু তার বয়স তো মাত্র ১৮!’ সেই ভেট্টোরি ৩৬ পূর্ণ করেছেন কয়েক দিন আগে, দেশের হয়ে খেলেছেন সবচেয়ে বেশি টেস্ট ও ওয়ানডে।
ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ হয়নি চোট নামক শত্রুর হাতে পড়ে। ২০১১ থেকে ২০১৪, চার বছরে ওয়ানডে খেলেছেন মাত্র ১৭টি! টেস্ট ক্যারিয়ার থমকে দাঁড়িয়েছিল আগেই, শেষ টেস্টটি খেলেছেন পাকিস্তানের বিপক্ষে গত বছর নভেম্বরে। আর কোনো টেস্ট খেলার সম্ভাবনা নেই, হয়তো ওয়ানডেকেও বিদায় বলবেন এই বিশ্বকাপের পরেই।
ঘরের মাটির এবারের বিশ্বকাপকে ঘিরে নিয়েছেন বিশেষ প্রস্তুতি। ফল পাওয়াও শুরু করেছেন ইতিমধ্যেই। প্রথম তিন ম্যাচে ১২.৬৩ গড়ে নিয়েছেন ৬ উইকেট। কাল নামবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, অকল্যান্ডের ইডেন পার্কে। এই ভেন্যুতে স্পিনার হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট ভেট্টোরির, তবে নতুন রূপের ইডেন পার্কে তাঁর এখনো বল করা হয়নি। সর্বোচ্চ ৬৫ মিটার বাউন্ডারির এই মাঠে বল করাটা বোলারের জন্য চ্যালেঞ্জ বলেও মানছেন, ‘এটা সুবিধার নয়। এ রকম মাঠে আমি খেলিনি। এটি অবশ্যই আমার জন্য নতুন অভিজ্ঞতা। আমি নাথানের (ম্যাককালাম) সঙ্গে কথা বলেছি, সে এখানে কেমন করে বল করেছে তা জানার জন্য। এই বাউন্ডারিতে বল করাটা চ্যালেঞ্জের।’
এ মাঠে ফিল্ডারের তেমন কিছু করার নেই বলেও মনে করেন তিনি, ‘সীমানা এতই ছোট যে ফিল্ডারের জন্য তেমন কিছু করার থাকে না। সবকিছুই তাদের নাগালের বাইরে দিয়ে যায়। তবে সবাইকে এর সঙ্গে মানিয়ে নিতে হবে।’
অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ, স্বাভাবিকভাবেই স্লেজিংও আলোচনায়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে ভেট্টোরি নিজে নাকি কখনো স্লেজিংয়ের শিকার হননি, ‘আমার মনে হয় স্লেজিংয়ের ব্যাপারে বাড়িয়ে বলা হয়। ১৮ বছর ধরে আমি খেলছি। অস্ট্রেলিয়ানরা কখনো আমাকে স্লেজিং করেছে, এমনটি মনেই করতে পারি না। যেভাবে বিষয়টিকে তুলে ধরা হয়, সেটা ঠিক নয়।’ এএফপি।