ইডেনে জিতলেই এক নম্বর ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের ইতিহাসে ৫০০তম টেস্ট। সেটি স্মরণীয় করে রাখতে কানপুরে একটা জয়ের দরকার ছিল ভারতের। বিরাট কোহলির দল তা পেয়েছেও। এবার ইডেনে ৫০১তম টেস্ট, যেটি আবার ঘরের মাঠে ভারতের ২৫০তম টেস্টও। এই উৎসবের আবহে যোগ হয়েছে আরও একটা উপলক্ষ। ইডেনে জিতলেই পাকিস্তানকে সরিয়ে টেস্ট র‍্যাংঙ্কিংয়ে ১ নম্বরে উঠে যাবে ভারত।

হিসাবটা অবশ্য আগেই জানা ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ শুরুর আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পাকিস্তানের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে ছিল ভারত। কানপুর টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্টের হিসাবে এগিয়ে গেছে ভারত। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তারা ১ নম্বর হয়নি। সেটি হবে আগামী শুক্রবার ইডেনে শুরু দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করতে পারলে।

পাকিস্তানও খেলার মধ্যেই আছে। গত রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে যাওয়ার কথা। এরপর ওয়ানডে এবং তিন ম্যাচের টেস্ট সিরিজও আছে। তবে ভারত যদি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে যায়, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলেও শীর্ষস্থান হারাবে পাকিস্তান।

ইডেন টেস্ট ঘিরে তাই উৎসবের আবহ। একে তো ঘরের মাঠে ২৫০তম টেস্ট, তার ওপর চিরপ্রতিদ্বন্দ্বীদের হাত থেকে টেস্টের রাজদণ্ডটা নিয়ে নেওয়ার হাতছানি। উপলক্ষটা স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি রাখছেন না ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলী। ইডেনে ঘণ্টা বাজিয়ে দ্বিতীয় টেস্টের উদ্বোধন করবেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। লর্ডসে প্রত্যেকটি টেস্টে এমন ঘণ্টা বাজানোর ঐতিহ্য চলে আসছে অনেক দিন ধরে। এবার সৌরভের পরিকল্পনায় সেই একই রীতি চালু হচ্ছে ইডেনেও।

টসের জন্য বানানো হয়েছে বিশেষ একটা সোনার মুদ্রাও। এখন থেকে ইডেনে প্রতিটি টেস্টের টসের জন্য যেটি ব্যবহার করা হবে। রুপার তৈরি ‘২৫০’ লেখা আরও এক ধরনের বিশেষ স্মারক মুদ্রাও বানানো হচ্ছে। যেটি উপহার দেওয়া হবে বাংলার সাবেক সব অধিনায়ককে। সৌরভের এত আয়োজন এখন মাঠের খেলা দিয়ে কোহলিরাও স্মরণীয় করে রাখতে পারলে হয়! তথ্যসূত্র: মুম্বাই মিরর।