ইডেনে সৌরভের আমন্ত্রণ
এ বছরই ১৫০ বছর পূর্তি হচ্ছে কলকাতার ইডেন গার্ডেনসের। সার্ধশত বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। এর অংশ হিসেবে আগামী মাসে আয়োজন করা হচ্ছে চার দলের একটি টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে একটি দল পাঠাতে বিসিবির কাছে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। সাবেক ভারতীয় অধিনায়ক এখন সিএবির যুগ্ম সচিব।
ইডেনের এই টুর্নামেন্ট কোন দল পাঠানো হবে বা আদৌ পাঠানো হবে কি না, সেটা নিয়ে আলোচনা হবে বিসিবির আজকের সভায়। কাল একটি অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, ‘সৌরভ গাঙ্গুলী একটি চিঠি দিয়েছেন বোর্ডে। ইডেনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে চারটি দল নিয়ে একটি টুর্নামেন্ট করতে চায়। একটি দল চেয়েছে বাংলাদেশ থেকে। সমস্যা হলো, তখন জিম্বাবুয়ে থাকবে বাংলাদেশে। কাজেই জাতীয় দল পাঠানো যাবে না। প্রিমিয়ার লিগ চলবে বলে “এ” দল পাঠানোও কঠিন। এ জন্যই আমরা ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করব। তারা খেলোয়াড়দের ছাড়লে হয়তো “এ” দলকে পাঠাতে পারব আমরা।’