ইডেনে ১১২ রানে এগিয়ে ভারত

ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে নিউজিল্যান্ডের সর্বনাশটা হয়ে গিয়েছিল গতকালই। আজ প্রথম সকালে নিজেদের সংগ্রহটাকেই কেবল ভদ্রোচিত করতে পেরেছে তারা। তারপরও ভারতের চেয়ে ১১২ রানে পিছিয়ে থেকেই নিজেদের প্রথম ইনিংসের ইতি ঘটেছে কিউইদের। ভারতের ৩১৬ রানের জবাবে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়েছে ২০৪ রানে।
ভুবনেশ্বর কুমারের ১৫টি ওভারেই সর্বনাশ হয়েছে নিউজিল্যান্ডের। এই ১৫ ওভারে ৪৮ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। ইডেনের উইকেটে ভুবনেশ্বরের পাশাপাশি জ্বলে উঠেছিলেন পেসার মোহাম্মদ শামিও। তাঁর সংগ্রহ ৩ উইকেট। এই দুজন মিলেই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। ভারতের উইকেটে পেসারদের হাতে বধ হওয়ার এই ব্যাপারটি নিশ্চয়ই নিউজিল্যান্ডের কাছেও নতুন কিছুই মনে হচ্ছে। ভুবনেশ্বর ও শামি দেখিয়ে দিলেন, ভারত এখন কেবল স্পিনারদের ওপর নির্ভর করেই টেস্ট জেতে না। জাদেজা ও অশ্বিন অবশ্য তুলে নিয়েছেন একটি করে উইকেট।
তৃতীয় দিন সকালে নিউজিল্যান্ডের ত্রাণকর্তা হয়ে ছিলেন জিতেন প্যাটেল। তিনি ৪৭ রানের ইনিংসটি না খেললে দলকে হয়তো আর বড় লজ্জারই মুখোমুখি হতে হতো। জিতানের পাশাপাশি রস টেলর ও লুক রনকির ৩০-এর ঘরে দুটো স্কোর নিউজিল্যান্ডকে ২০০ পেরোতে সহায়তা করেছে। তৃতীয় দিন বিকেলেই ১২৮ রানে ৭ উইকেট পড়ে যাওয়া দলটি যে শেষ অবধি ২০৪ পর্যন্ত গেছে, এটাকেই বড় সাফল্য বলতে হয়। সূত্র: স্টার স্পোর্টস।