যেন নিজ বাড়ির কোনো বিয়ের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে প্রতিবেশীর বাড়িতে! ইডেন গার্ডেনসের সার্ধশত বছর উপলক্ষে আয়োজিত টুর্নামেন্ট, অথচ খেলা হবে না ইডেনেই। ওয়েস্ট ইন্ডিজের ভারত ছেড়ে যাওয়ার ধাক্কা লাগল ইডেনের টুর্নামেন্টেও। ওয়েস্ট ইন্ডিজ চলে যাওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ আয়োজন করেছে বিসিসিআই। সেই সিরিজের একটি ম্যাচ হবে ইডেনে। সিএবি এস কে আচার্য মেমোরিয়াল ট্রফির খেলাগুলো তাই এখন হবে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে। ভেন্যু বদলের ধাক্কায় বদলে গেছে শুরুর তারিখও। এক দিন পিছিয়ে টুর্নামেন্টের শুরু ২৬ অক্টোবর। আর এটির ধাক্কায় আরেক দফা পিছিয়ে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ!
ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজের পঞ্চম ম্যাচটি আজ হওয়ার কথা ছিল ইডেনে। পরিকল্পনা ছিল, আজকের ম্যাচটি হয়ে যাওয়ার পর ২৫ অক্টোবর থেকে আচার্য মেমোরিয়াল ট্রফি হবে ইডেনে। ক্যারিবিয়ানরা ভারত ছেড়ে যাওয়ায় ভেস্তে গেছে সব। ভারত-শ্রীলঙ্কা সিরিজের ম্যাচগুলো হবে ১ থেকে ১৫ নভেম্বর। সিএবির (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) ইচ্ছে তৃতীয় ম্যাচটি ইডেনে আয়োজনের। সেই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে প্রস্তুতির জন্য ম্যাচের আগের ১৫ দিন কোনো ম্যাচ রাখার উপায় নেই। এ জন্যই ইডেনের জন্মদিন উদ্যাপনের টুর্নামেন্ট হচ্ছে না ইডেনে।
সন্দেহ নেই, টুর্নামেন্ট তাতে বর্ণহীন হয়ে যাচ্ছে অনেকটাই। আরেকটি প্রশ্নও উঠে যাচ্ছে আরেকবার, এই টুর্নামেন্টকে এত গুরুত্ব দিয়ে বিসিবি একাদশের মোড়কে বাংলাদেশ ‘এ’ দলের মত একটি দল পাঠানোর কী প্রয়োজনীয়তা ছিল! এই টুর্নামেন্টের চেয়ে একটি ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে আর্থিক দিক দিয়ে সিএবির জন্য অনেক লাভজনক। ইডেনের ১৫০ বছর পূর্তির মূল আয়োজনটাও হবে ওই ম্যাচেই। স্বাভাবিকভাবেই আচার্য মেমোরিয়াল ট্রফিকে ইডেন থেকে সরিয়ে দিতে খুব একটা ভাবতে হয়নি আয়োজকদের। অথচ বিসিবি এই টুর্নামেন্টে অংশগ্রহণকে প্রায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। স্মরণযোগ্য যে, এই টুর্নামেন্টের জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেটি শুরু হওয়ার কথা ছিল ২ নভেম্বর থেকে। এক দিন পিছিয়ে যাওয়ায় কলকাতার টুর্নামেন্টের ফাইনাল হবে এখন ২ নভেম্বর! ঢাকা লিগ শুরু হতে পারে ৫ বা ৬ নভেম্বর।
টুর্নামেন্ট এক দিন পিছিয়ে যাওয়ায় এক দিন পিছিয়ে যাচ্ছে বিসিবি একাদশের যাত্রাও। এনামুল হকের নেতৃত্বে দলটি যাবে ২৪ অক্টোবর। ২৭ অক্টোবর প্রথম ম্যাচের প্রতিপক্ষ মুম্বাই। টুর্নামেন্টের বাকি দুই দল কর্ণাটক ও বাংলা।