ইতিহাস গড়তে পারবে তারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেট পাওয়ার পর ব্রাফেটের উল্লাস
উইকেট পাওয়ার পর ব্রাফেটের উল্লাস

মাত্র তৃতীয় দিন চলছে। আরও দুটো দিন পড়েই আছে। জয়ের জন্য করতে হবে ‘মাত্র’ ২৪৪। আর সেই রান করতে পারলেই ইতিহাস গড়বে জেসন হোল্ডারের দল। গত দুই যুগে এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের হাতছানি। ক্যারিবীয়রা পারবে পি সারা ওভালে উপস্থিত স্যার গ্যারি সোবার্সকে গৌরবে ভাসাতে?

বৃষ্টির কারণে ততৃীয় দিনের শেষ সেশন পরিত্যক্ত হওয়ার আগে ১ উইকেটে ২০ রান করে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্যটাকে খানিকটা ছোটও করে এনেছে। এখনো দরকার ২২৪।
লক্ষ্যটা ‘মাত্র’ বলা হলো বটে, কিন্তু সেটিও অনেক দূরের পথ। টেস্টের চতুর্থ ইনিংসে ২৪০-এর বেশি তাড়া করে মাত্র দশটি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এর দুটি ম্যাচ এই শতাব্দীর। ১৫০ থেকে ৩৫০-এর মধ্যে রান তাড়া করতে গিয়ে সর্বশেষ দশ টেস্টের সাতটিতেই হেরেছে ক্যারিবীয়রা।
১৯৯৭ সালের পর ওয়েস্ট ইন্ডিজ দেশের বাইরে খেলেছে মোট ৮৭ টেস্ট। জিম্বাবুয়ে ও বাংলাদেশ বাদ দিলে ক্যারিবীয়রা বিদেশের মাটিতে জিতেছে ৭৭ ম্যাচের দুটি। হাতের কাছে বড় উদাহরণ তো আছেই। এই কলম্বো টেস্টেই ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস অলআউট হয়েছে ১৬৩ রানে। কাজটা আরও কঠিন করে দিতে লঙ্কানরা এরই মধ্যে বল হাতে দুর্দান্ত করা ওপেনার ক্রেইগ ব্রাফেটকে ফিরিয়েছে মাত্র ৩ রানে।
আগের দিনে ২ উইকেটে ৭৬ রানে খেলতে নামা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্রাফেটের ঘূর্ণিতে গুটিয়ে গেছে ২০৬ রানে। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে যার উইকেটই ছিল ৩টি, এর আগে ২৩ টেস্টে যাঁর উইকেট ছিল একটি; সেই তিনি আজ ২৯ রানে টপাটপ তুলে নিলেন ছ-য়টি উইকেট! ব্রাফেটের বলে কী বিষ মেশানো ছিল কে জানে!
ম্যাচ যদি জিতেই যায় ওয়েস্ট ইন্ডিজ, ব্রাফেটের আনন্দ বেড়ে হবে দ্বিগুণ! ওহ, আরেকজন ভীষণ আপ্লুত হবেন—স্যার গ্যারি সোবার্স। উত্তরসূরিদের কীর্তি দেখতে তিনি এখন শ্রীলঙ্কায়। তাঁর নামেই এই সিরিজ।