ইতিহাস গড়তে হলে বাংলাদেশকে যা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরো টুর্নামেন্টে ব্যাটিংয়ে ভালো করেছে বাংলাদেশ, ছন্দটা আজও ধরে রাখতে হবে তাদের। ছবি: এসিসি
পুরো টুর্নামেন্টে ব্যাটিংয়ে ভালো করেছে বাংলাদেশ, ছন্দটা আজও ধরে রাখতে হবে তাদের। ছবি: এসিসি
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজের বাইরে কখনো কোনো শিরোপা জেতেনি। দীর্ঘ এই শিরোপা-শূন্যতা দূর করার লক্ষ্যেই আজ কুয়ালালামপুরে মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা। পারবেন তাঁরা ইতিহাস লিখতে?


ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট। এই ইতিহাস লেখার সুবর্ণ সুযোগ সালমা-রুমানাদের সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজের বাইরে কখনো কোনো শিরোপা জেতেনি বাংলাদেশ, সেটি ছেলেদের ক্রিকেট হোক কিংবা মেয়েদের। দীর্ঘ এই শিরোপা-শূন্যতা দূর করার লক্ষ্যেই আজ কুয়ালালামপুরে মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান পেয়েছে। লিগ পর্বে ভারতের মতো মহাপরাক্রমশালী দলকে দোর্দণ্ড প্রতাপে হারানো গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারলেও টানা চার জয় নিয়ে ফাইনালে উঠেছেন সালমারা। এখন তাঁরা ইতিহাস গড়তে পারবেন না কি বাংলাদেশের ক্রিকেটে আরও একটি আক্ষেপের গল্প যোগ করবেন, আজই জানতে পারবেন। তবে এই ম্যাচটা জিততে হলে কিছু ধাঁধা মেলাতেই হবে মেয়েদের।

ভারত যেখানে এগিয়ে
এখনো পর্যন্ত টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে যে ১০টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, ৯টিতেই হেরেছে। একমাত্র জয়টি এসেছে, সেটিও এই এশিয়া কাপে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান (১৪১) তাড়া করে বাংলাদেশ জিতলেও (৭ উইকেটে) অভিজ্ঞতায় আজও ভারতকে এগিয়ে রাখতে হবে। এখনো পর্যন্ত যে ছয়টি মেয়েদের এশিয়া কাপ হয়েছে প্রতিটিতেই জিতেছে তারা। এবারও যে ফেবারিট তকমা নিয়েই ভারত খেলতে নামবে সেটি মানছেন দলের ম্যানেজার নাজমুল আবেদীন, ‘ওদের ব্যাটিং-ফিল্ডিং অনেক ভালো। তবে সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, মানসিকভাবে তারা অনেক শক্ত। এমন কঠিন ম্যাচ খেলার অভিজ্ঞতা ওদের বেশি। চাপের মধ্যে ওদের খেলার অভ্যাস ওদের অনেক বেশি। আমার মনে হয় ব্যাটিং আর মানসিক শক্তিতে ওরা একটু এগিয়েই থাকবে।’ ভারতের অতীত-ইতিহাস তাই ভাবনা থেকে সরিয়েই মাঠে নামতে হবে সালমাদের।

শুরুটা হতে হবে ভালো
ইতিহাস-ঐতিহ্য, পরিসংখ্যান-রেকর্ড কিংবা অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও ভারতের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত কিছু করতে হলে বাংলাদেশের শুরুটা হতে হবে ভালো। আগে বোলিং করলে শুরুতেই উইকেট তুলে নেওয়া কিংবা কৃপণ বোলিংয়ে ভারতের ব্যাটারদের চাপে রাখতে হবে। আগে ব্যাটিং করলে ভালো একটা শুরু এনে দিতে হবে দুই ওপেনারকে। নাজমুলের বিশ্বাস, এই তত্ত্ব মেনে এগোলে অসম্ভব কিছু নয়, ‘যেহেতু এটা ফাইনাল, ওদের হারানোর অনেক কিছু থাকবে। ভারতের আত্মবিশ্বাসে শুরুতেই যদি একটা ধাক্কা দিতে পারি, ছন্দটা পরে ভীষণ কাজে দেবে।’

ব্যাটিংয়ে ছন্দটা ধরে রাখা
বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তা ব্যাটিং নিয়ে। টুর্নামেন্টজুড়ে ব্যাটিং ভালো হয়েছে বলেই সালমারা ফাইনালে উঠেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাদে বাংলাদেশকে অলআউট করতে পারেনি কোনো প্রতিপক্ষ। টানা চার ম্যাচই বাংলাদেশ জিতেছে ভালো ব্যাটিং করে। ভারতের বিপক্ষে যে রেকর্ড ১৪১ রান তাড়া করে জিতল, সেদিন আরও কিছু রেকর্ড হয়েছে ব্যাটিংয়ে। ফারজানা হক-রুমানা আহমেদের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে তোলা ৯৩ রান বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জুটি। ভারতের বিপক্ষে করা ফারজানার অপরাজিত ৫২ রান এখন বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ। ব্যাটিংয়ে এই উন্নতির ধারাটা ধরে রাখতে হবে আজও। ব্যাটিংয়ের সঙ্গে আরেকটি চিন্তার জায়গা ফিল্ডিং। গ্রাউন্ড ফিল্ডিং কিংবা ক্যাচ—দুটিতেই যত ভুল কম হবে ততই ভালো।

শক্তির জায়গা বোলিং
বাংলাদেশের মেয়েদের সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে বোলিং। ৪ জুন পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটি জিতে বাংলাদেশ ঘুরে দাঁড়াল, খুঁজে পেল আত্মবিশ্বাস, সেটি বোলারদের সৌজন্যেই। জাহানারা, খাদিজা, রুমানারা যদি আজও নিজেদের ধারটা ধরে রাখতে পারেন, ইতিহাস লেখা কঠিন কিছু হবে না বাংলাদেশের।

প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালের স্নায়ু চাপ কেমন, সেটি তাদের অজানা। তবুও মেয়েদের আত্মবিশ্বাস জোগাবে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল ফাইনাল খেলা। সেটি পূরণ হয়েছে। এখন শিরোপা জয়ের লক্ষ্য। এ সুযোগ সবসময়ই আসে না। সুযোগটা তাই হাতছাড়া করতে চান না দলের ম্যানেজার নাজমুল আবেদীন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। তবে বড় সুযোগ কাজে লাগাতে নতুন কিছু করতে পারবেন না। যেভাবে খেলে এসেছি সেভাবেই খেলতে হবে। তবে একই ছন্দে প্রতি ম্যাচে খেলা কঠিন। আমরা চেষ্টা করব পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছি ফাইনালেও একইভাবে খেলব।’

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতে বাংলাদেশের ক্রিকেটের মানচিত্র বদলে দিয়েছিলেন আকরাম খানরা। সেই কীর্তিগাথা রচিত হয়েছিল কিন্তু এই কুয়ালালামপুরে। শহরটা বাংলাদেশের ক্রিকেটের জন্য যে বড় পয়া, সালমাদের সেটি কি অজানা?