যে দলই জিতত, হয়ে যেত ইতিহাস। এনশেডে নিজেদের মাঠে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ইউরোর শিরোপা জিতল হল্যান্ড। ৩০ বছর পর নতুন চ্যাম্পিয়ন পেল টুর্নামেন্টটি।
সেরা খেলাটা হল্যান্ডের মেয়েরা হয়তো ফাইনালের জন্যই তুলে রেখেছিল। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। তবে তিনটি ম্যাচই জিতেছিল ন্যূনতম ব্যবধানে। দুটি ১-০ গোলে, একটি ২-১–এ। শেষ আটে সুইডেনকে ২-০ আর সেমিফাইনালে ইংল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। তবে অসাধারণ ফুটবল বলতে যা বোঝায়, সেটা উপহার দিতে পারেনি। সেই খেলাটা ডাচ মেয়েরা কাল ডেনমার্কের বিপক্ষেই খেলল।
পেনাল্টি গোলে ৬ মিনিটেই এগিয়ে যায় ডেনমার্ক। চার মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকেরা। ২৭ মিনিটে তারা এগিয়েও যায়। তবে ৬ মিনিট পর সমতা আনে ডেনমার্ক। দ্বিতীয়ার্ধের গোড়ার দিকে ব্যবধান ৩-২ করে হল্যান্ড। এরপর ব্যবধান বাড়িয়ে নেওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ডাচরা। কিন্তু ফরোয়ার্ডদের ভুল আর ডেনমার্কের গোলরক্ষকের দৃঢ়তায় সেটা হয়ে ওঠেনি। শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে ম্যাচে ফেরার সহজতম সুযোগটি হারায় ডেনমার্ক। এদিকে ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচটি ডেনমার্কের মেয়েদের হাতের বাইরে নিয়ে যান মিয়েডেমা। এএফপি।