ইতিহাস গড়ার অপেক্ষায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিমরন হেটমায়ারকে বোল্ড করে দিলেন মোহাম্মদ আমির। ছবি: এএফপি
শিমরন হেটমায়ারকে বোল্ড করে দিলেন মোহাম্মদ আমির। ছবি: এএফপি

মাঝে মাঝে ক্রিকেট খেলা বড্ড কঠিন কাজ। একই টেস্টে বিদায় বলে দিলেন মিসবাহ-ইউনিস। কাল দুজনকে একসঙ্গে ব্যাটিং করতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অনেক আবেগের বর্ম পরা অনেক ক্রীড়াসাংবাদিকও। কিন্তু পাকিস্তানি বোলারদের সে সব ভাবলে চলবে! তাঁদের যে ভাবতে হচ্ছে এ দুজনের বিদায় উপহার নিয়ে। ডমিনিকা টেস্টের শেষ দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত সে কাজটা ভালোই এগিয়ে নিয়েছে পাকিস্তান। মধ্যাহ্নবিরতি পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে স্বাগতিক দল।

ওয়েস্ট ইন্ডিজের জয়ের লক্ষ্য ৩০৪ রানের। ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার কথা মাথায় রেখেই বলে দেওয়া যাচ্ছে, সে লক্ষ্য ছোঁয়ার কোনো ইচ্ছে এখন আর নেই ক্যারিবীয়দের। তাদের মাথায় এখন ম্যাচ বাঁচানোর চিন্তা। পাকিস্তানের চিন্তা ঠিক উল্টো। যেকোনো উপায়েই হোক, বাকি ৬ উইকেট তুলে নিয়ে ইতিহাসটা অবশেষে করে ফেলা।
অনেকক্ষণ ধরেই ‘ইতিহাস’, ‘ইতিহাস’ রব তোলা হচ্ছে। এবার ইতিহাসটা আরেকবার মনে করিয়ে দেওয়া যাক। ১৯৫৮ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে পাকিস্তান। কিন্তু ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সিরিজ জিতে ফেরা হচ্ছে না তাদের। গত এক দশকের ক্ষয়িষ্ণু ওয়েস্ট ইন্ডিজও বারবার পাকিস্তানকে হতাশ হয়ে ফিরতে বাধ্য করেছে।
কিন্তু আজ সকালটা যেভাবে শুরু হয়েছে পাকিস্তানের, তাতে সে দুঃখটা কেটে যাবে। মিসবাহ-উল-হক ও ইউনিস খানকে সেরা বিদায় উপহারটাও দিতে পারবে পাকিস্তান। ৭ রানে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ঘণ্টাতেই দুই উইকেট হারিয়ে পরিণত হয়েছে ৪৭/৩। খানিক পরেই ফিরেছেন শাই হোপ। পাকিস্তানের কাঁটা হয়ে আছেন শুধু একজন, রোস্টন চেজ। সিরিজ জুড়েই পাকিস্তানকে ঝামেলায় ফেলা এই অলরাউন্ডারকে দ্রুত ফেরাতে পারলেই জয় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।
মিসবাহ-ইউনিস কি পাচ্ছেন তাঁদের শেষ উপহার?