ইতিহাস গড়ার দিনে বাটলারই সেরা

উইকেটকিপিংয়ে দুটি রানআউট করা বাটলার এর আগে ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর প্রথম সেঞ্চুরির দিনে শারজাতে সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড।

সেঞ্চুরির পর জস বাটলারছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ জমে উঠেছিল ম্যাচটা। রুদ্ধশ্বাস উত্তেজনার আশ্বাস জাগাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত যে তা হয়নি, ২৬ রানের সহজ জয়ই যে পেয়েছে ইংল্যান্ড, তাতে উইকেটকিপিং গ্লাভস হাতে তাঁর অবদান আছে।

কিন্তু উইকেটকিপিং নয়, অন্য গ্লাভস—ব্যাটিং গ্লাভস হাতে যা করেছেন জস বাটলার, সেটিই তাঁকে ম্যাচসেরার স্বীকৃতি এনে দিতে যথেষ্ট ছিল।

উইকেটকিপিংয়ে দুটি রানআউট করা বাটলার এর আগে ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর প্রথম সেঞ্চুরির দিনে শারজাতে সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড।

১৬৪ রানের লক্ষ্যে ছোটা শ্রীলঙ্কার হয়ে দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ৩৬ বলে ৫৩ রানের ষষ্ঠ উইকেট জুটি দারুণভাবে ম্যাচে ফিরিয়েছিল শ্রীলঙ্কাকে। একটা সময়ে ২০ বলে ৩৫ রান দরকার ছিল শ্রীলঙ্কার।

কিন্তু এরপরই হাসারাঙ্গা ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলেন। তবু শানাকা তো ছিলেন! কিন্তু তিন বল পর তাঁকে দারুণ রানআউটে ফেরালেন বাটলার! ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার নিতে এসে বাটলার নিজেই বলছিলেন, ‘রানআউটটাই পুরো দিনে আমার সবচেয়ে প্রিয় অংশ।’ এর আগে শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান পথুম নিশঙ্কার রানআউটেও বাটলারের দারুণ অবদান ছিল।

এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি বাটলারের
ছবি: এএফপি

কিন্তু উইকেটকিপিং নয়, ব্যাটিং গ্লাভস হাতেই ম্যাচে সবচেয়ে বড় অবদান রেখেছেন বাটলার। অবদান কী, ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসই নতুন করে লিখেছেন। টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়ার দিনে হয়ে গেছেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই সেঞ্চুরি পাওয়া প্রথম ইংলিশ ব্যাটসম্যান।

সেই সেঞ্চুরিটাও এসেছে কী দারুণ ঢঙে! অনেক ধীরগতিতে শুরু হয়েছিল ইংল্যান্ডের, ইনিংসে ৫০ রান আসতেই পেরিয়ে যায় ১০.১ ওভার। ১৪তম ওভারের শেষ বলে বাটলারের অর্ধশতকও এসেছে ৪৫ বল খেলে!

ততক্ষণ পর্যন্ত ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যানের ইনিংসে চার চারটি, ছক্কা একটি। নিজেই ম্যাচ শেষে বলছিলেন, ‘শুরুতে আসলেই কঠিন লাগছিল সবকিছু। মর্গসের (মরগান) সঙ্গে ভালো একটা জুটি হলো এরপর, আমরা ঠিক করেছিলাম শেষ দিকে মেরে খেলব।’

অর্ধশতক পাওয়ার পরই পরিকল্পনা অনুযায়ী খেলতে শুরু করলেন বাটলার। শেষ পর্যন্ত ইনিংস শেষ করেছেন ৬৭ বলে ১০১ রানে, চার ৬টি, ছক্কা ৬টি। শেষ বলে ছক্কা মেরে এসেছে সেঞ্চুরি!

শ্রীলঙ্কার বোলারদের পাত্তা দেননি বাটলার
ছবি: এএফপি

সে নিয়ে বাটলারের ব্যাখ্যা, ‘অনুমান করার চেষ্টা করছিলাম ও কোথায় বল করতে পারে। শান্তই ছিলাম। অবশ্য ওই সময়ে আমার অনেকক্ষণ ব্যাট করা হয়ে গেছে, তাই শুধু শান্ত থেকে আশা করছিলাম বোলার যেন বলের লাইন মিস করে।’

তা করেছেন লঙ্কান বোলার, বাটলারও মেরেছেন ছক্কা। তাতেই ইতিহাস। ম্যাচসেরার পুরস্কার অর্জনের মুকুটে বাড়তি পালক আর কী!