
ইতিহাস হাতছানি দিচ্ছিল ভারতকে, হাতছানি দিচ্ছিল টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ের এক নম্বর স্থানটাও। কাল শেষ টি-টোয়েন্টিতে শেষ ওভারে ১৯ রান তুলে ভারত ইতিহাস তো গড়লই, উঠে গেল র্যা ঙ্কিংয়ের শীর্ষেও।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে জয়। যেকোনো সংস্করণের ক্রিকেটেই ইতিহাসের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ধবলধোলাই করল ভারত। সিরিজ শুরুর আগে র্যা ঙ্কিংয়ের আট নম্বর দল ভারত এক লাফেই উঠে গেল এক নম্বরে।
শেষ দুই ওভারে দরকার ২২ রান। কঠিন সমীকরণটা আরও কঠিন হলো ১৯তম ওভারে মাত্র ৫ রান আসায়। শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। যুবরাজ সিংকে নিয়ে কাজটা সেরে ফেললেন সুরেশ রায়না। ১৯তম ওভারে ৫ বল খেলে মাত্র ৪ রান করা যুবরাজ প্রায়শ্চিত্ত করলেন প্রথম দুই বলে চার ও ছয় মেরে। এরপর শেষ বলে চার মেরে ভারতকে জয় এনে দেন সুরেশ রায়না। হতভাগা বোলারের নাম অ্যান্ড্রু টাই।
২৫ বলে ৪৯ রান করেছেন রায়না, যুবরাজের ১৫ রান ১২ বলে। রায়না অবশ্য স্টাম্পড হতে পারতেন মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই। ম্যাচে অস্ট্রেলিয়ার সেরা বোলার ক্যামেরন বয়েস উইকেটটা পাননি অভিষিক্ত উইকেটকিপার ক্যামেরন ব্যানক্রফটের ব্যর্থতায়।
রান তাড়ায় ভারতকে ভিত্তি গড়ে দেয় রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের উদ্বোধনী জুটি। শন টেইটের করা ইনিংসের তৃতীয় ওভারেই তাঁরা নেন ২৪ রান! বিচ্ছিন্ন হওয়ার আগে ২০ বলে ৪৬ রান আসে জুটিতে। ৯ বলে ২৬ রান করে শিখর ধাওয়ান আউট হলেও রোহিত শর্মা (৩৮ বলে ৫২) ও বিরাট কোহলি (৩৬ বলে ৫০) অস্ট্রেলিয়ার বোলারদের শাসনই করে গেছেন।
ম্যাচটা শেষ পর্যন্ত ভারতের সাফল্যের গল্প। কিন্তু ম্যাচটি হতে পারত শেন ওয়াটসনময়।
সিরিজে যার সুযোগ পাওয়ার সম্ভাবনা একরকম ছিলই না, সেই ওয়াটসন সিরিজের শেষ ম্যাচে পেলেন দলের নেতৃত্ব। দায়িত্ব পেয়েই রেকর্ড গড়লেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাঁর প্রথম সেঞ্চুরি। ১২৪ রানের ইনিংসটি টি-টোয়েন্টিতে অধিনায়কদের হয়ে সর্বোচ্চ ইনিংসও। তাঁর ৭১ বলের ১০ চার ও ৬ ছক্কার ঝোড়ো ইনিংসের জোরেই অস্ট্রেলিয়া করে ১৯৭।
কিন্তু বড় স্কোর গড়েও অস্ট্রেলিয়া এড়াতে পারল না ধবলধোলাইয়ের লজ্জা। ক্রিকইনফো, এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৯৭/৫ (ওয়াটসন ১২৪*, হেড ২৬; যুবরাজ ১/১৯)। ভারত: ২০ ওভারে ২০০/৩ (রোহিত ৫২, কোহলি ৫০, রায়না ৪৯*; বয়েস ২/২৮)। ফল: ভারত ৭ উইকেটে জয়ী। সিরিজ: ৩-ম্যাচ সিরিজে ভারত ৩–০–তে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শেন ওয়াটসন। ম্যান অব দ্য সিরিজ: বিরাট কোহলি।
১ম
তিন ম্যাচে তিন ফিফটি বিরাট কোহলির। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম কোনো ব্যাটসম্যান তিনটি ফিফটি পেলেন।
১০০০
বিরাট কোহলি ও সুরেশ রায়নার পর তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান করলেন রোহিত শর্মার।
১২৪
শেন ওয়াটসনের অপরাজিত ১২৪, টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ, অস্ট্রেলিয়ার মাটিতে, ভারতের বিপক্ষে ও অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংস।
১০
দশম ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেলেন ওয়াটসন