ইতিহাস গড়েও দল থেকে বাদ!

ধরুন, আপনি একটি দলের নির্বাচক। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য দল নির্বাচন করতে হবে। দলের উদ্বোধনী জুটিতে একটি জায়গার জন্য লড়ছেন দুজন। কাকে নেবেন?
তার আগে জেনে নিন, সর্বশেষ টেস্টে আপনার দল জিতেছে ইনিংস ব্যবধানে। আর তাতে একমাত্র ইনিংসে দুই খেলোয়াড়ের মধ্যে একজন ওপেনিংয়ে নেমে করেছেন ৩৩। অন্যজন মিডল অর্ডারে নেমে ক্যারিয়ার সর্বোচ্চ ১৮২! মিডল অর্ডারে খেললেও তিনি ওপেনিংও করতে পারেন। আপাত দৃষ্টিতে সমীকরণটা অনেক সহজ, দ্বিতীয় জনই আপনার চোখে এগিয়ে থাকবে। যদি তা-ই হয়, অস্ট্রেলীয় নির্বাচকদের সঙ্গে আপনার মিলবে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল থেকে শুরু হওয়া বক্সিং ডে টেস্টের জন্য তাঁরা বেছে নিয়েছেন ৩৩ রান করা ব্যাটসম্যান জো বার্নসকে।
বাদ পড়েছেন আগের টেস্টে ১৮২ করা শন মার্শ! দলের ভারসাম্য, বার্নস-ওয়ার্নার উদ্বোধনী জুটির সাম্প্রতিক সাফল্য আর ভবিষ্যতে একটি সফল ওপেনিং জুটি গড়ার লক্ষেই মার্শকে বাদ দিয়ে বার্নসকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।
এমনিতে গত টেস্টে তিন দিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দেওয়া দলটিতে একটি পরিবর্তন আনতেই হতো। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এক মাস পর ফিরে এসেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান উসমান খাজা। চোটে পড়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৪ ও ১২১ রানের দুটি ইনিংস ছিল তাঁর। চোট থেকে মাঠে ফিরেই বিগ ব্যাশের ম্যাচেও সেঞ্চুরি করেছেন। এই মুহূর্তে দলে অনেকটা ‘অটোমেটিক চয়েস’ তিনি। খাজা ফিরে আসায় কেউ একজনকে বাদ পড়তেই হতো। তাতে খড়্গ পড়ল মার্শের ওপর।
বেচারা মার্শ হয়তো এখন ভাবছেন, ‘কী দোষ ছিল আমার?’ আগের ইনিংসে ১৮২, সেটিও ইতিহাস গড়া। প্রথম টেস্টে অ্যাডাম ভোজেসের সঙ্গে মিলে চতুর্থ উইকেটে ৪৪৯ রানের জুটি গড়েছিলেন মার্শ, যেটি কিনা চতুর্থ উইকেট জুটিতে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ। রেকর্ড গড়ার পুরস্কারটা বেশ ‘তেতো’ই হলো!
অবশ্য মার্শকে বাদ দেওয়ায় অস্ট্রেলীয় নির্বাচকদের যুক্তি, ওয়ার্নার-বার্নস উদ্বোধনী জুটিটা না ভাঙা। গত বছরের বক্সিং ডে টেস্টেই অভিষিক্ত বার্নস সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে টানা তিনটি শতরানের উদ্বোধনী জুটি গড়েছিলেন ওয়ার্নারের সঙ্গে মিলে। গ্যাবায় ২৩৭ রানের জুটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়েছিলেন এই ২৬ বছর বয়সী। যদিও এরপর থেকেই কিছুটা রান-খরা চলছে তাঁর ব্যাটে। ৫ ইনিংসে নেই কোনো বড় ইনিংস। মার্শ কিন্তু ওই সিরিজের শেষ টেস্টে অ্যাডিলেডে কিউই বোলারদের তোপের মুখে বুক চিতিয়ে লড়ে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন।
মার্শের বাদ পড়াকে ‘দুঃখজনক’ জানিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ বললেন, ‘শনের ভাগ্যটা আসলেই খারাপ। সর্বশেষ টেস্টে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে ও, তার আগের টেস্টেও চাপের মুখে ৪৯ করেছিল। তারপরও বাদ পড়ে গেল।’ কেন বাদ পড়তে হলো সেটিরও একটা ব্যাখ্যা দাঁড় করালেন অস্ট্রেলীয় অধিনায়ক, ‘জো (বার্নস) খুব ভালো ক্রিকেট খেলছে। দুই টেস্ট আগেই একটা সেঞ্চুরি করেছে ও। আর জুটি হিসেবে তাঁদের (বার্নস ও ওয়ার্নার) গড় ৮০-র মতো। এমন একটা উদ্বোধনী জুটি পাওয়া খুব গুরুত্বপূর্ণ।’
তবে শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজই নয়, আগামী ফেব্রুয়ারির নিউজিল্যান্ড সিরিজের কথা মাথায় রেখেই এই দল গড়া হয়েছে এমনই আভাস স্মিথের, ‘আমরা সব সময়ই সামনে কী আসছে সেটি নিয়েও ভাবি। এটি নিয়েও অনেক আলোচনা হয়েছে। এবং তাঁদের (নির্বাচকদের) মনে হয়েছে সামনে এগিয়ে চলার এটিই সবচেয়ে ভালো পথ।’
সেই পথের পথিক হওয়ার আপাতত ভাগ্যে নেই মার্শের। তথ্যসূত্র: রয়টার্স, ক্রিকইনফো।