ইতিহাস ডাকছে রুটকে

এ প্রজন্মের সেরা ব্যাটসম্যানের প্রশ্নে দুজনের মধ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতা। এ কারণেই হয়তো ওয়ানডেতে বিরাট কোহলির রেকর্ড গড়া দিনেই টেস্টে ব্যক্তিগত এক রেকর্ড গড়লেন জো রুট। ইংলিশ অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন রুট। আর অধিনায়কের এমন দৃঢ়চেতা ইনিংসেই লর্ডস টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে থাকল ইংল্যান্ড। রুটের অপরাজিত ১৮৪ রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৫৭ রান করেছে স্বাগতিক দল।
রুটের ইনিংসে একটি রেকর্ড অক্ষুণ্ন থাকল। এ নিয়ে টানা চার ইংলিশ অধিনায়ক সেঞ্চুরি দিয়ে তাঁদের অধিনায়কত্ব শুরু করলেন। অ্যালিস্টার কুক (১৭৩), কেভিন পিটারসেন (১০০) ও অ্যান্ড্রু স্ট্রাউস (১২৮) প্রত্যেকেই নিজেদের অধিনায়কত্বের শুরু তিন অঙ্কের ইনিংস দিয়ে করেছেন। কে বলবে গত এক যুগে যে কীর্তি চারজন করে ফেলেছেন, সেটাই এর আগের ১৩০ বছরে করতে পেরেছেন মাত্র দুজন! ১৮৯৭ সালে আর্চি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৯ করার পর অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি দেখতে প্রায় এক শতাব্দী অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯০ সালে অ্যালেন ল্যাম্বের সেঞ্চুরিতেই খরা কেটেছিল।
ইংল্যান্ডের ভাগ্য ভালো রুট দূর অতীত নয়, সাম্প্রতিক রেকর্ডেই চোখ রেখেছিলেন। না হলে, কাল যে বড় বিপাকে পড়তে হতো ইংল্যান্ডকে। মাত্র ৪৯ রানেই ফিরে গেছেন প্রথম তিন ব্যাটসম্যান। ৭৬ রান হতে না হতেই সে পথ ধরেছেন জনি বেয়ারস্টো। প্রিয় সঙ্গী বেন স্টোকসকে পেয়ে একটু স্বস্তি পেলেন রুট। পঞ্চম উইকেট জুটিতে ১১৪ রান যোগ করার পরই অলস এক শট খেলে ফিরেছেন স্টোকস (৫৬)। তখনো সেঞ্চুরি হয়নি রুটের। তবে মইন আলী উইকেটে আসার পরই দিনের সেরা সময় পার করেছে স্বাগতিক দল। ১৬৭ রানের ষষ্ঠ উইকেটে জুটিতে ম্যাচের নাগাল এখন ইংল্যান্ডের কাছে। মঈন অপরাজিত আছেন ৬১ রানে। আর ইংলিশ অধিনায়কদের রেকর্ড ভাঙা রুট অপরাজিত আছেন ১৮৪-তে। মাত্র ২২৭ বলের ইনিংসে এখনো পর্যন্ত ২৬ চার ও এক ছক্কা মেরেছেন রুট।
ইংলিশ রেকর্ড থেকে নজর এখন বিশ্ব রেকর্ডে নিতে পারেন রুট। অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংসটি গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ২৩৯ রানের ওই ইনিংসকে গত পঞ্চাশ বছরে টপকাতে পারেননি কেউ।