ইতিহাস বদলাতে চান ব্রড
টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট তাঁর। ইংলিশ বোলিং আক্রমণের নেতাও। অথচ লর্ডস টেস্টে সেই জেমস অ্যান্ডারসনই উইকেট-শূন্য। দলের সেরা পেসার এমন নিষ্প্রভ থাকার কারণেই ইংল্যান্ড এত বাজেভাবে টেস্টটা হেরেছে বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার মার্ক ওয়াহ। যদিও অ্যান্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড আশাবাদী, লর্ডস টেস্টের দুঃস্বপ্ন ঘুচিয়ে এজবাস্টনেই দারুণভাবে ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড।
লর্ডসের আগে সর্বশেষ ৬৪ টেস্টে কখনো উইকেটহীন থাকতে হয়নি অ্যান্ডারসনকে। হঠাৎ করে এই ছন্দ হারিয়ে ফেলার কারণ হয়তো খুঁজে ফিরছেন ইংলিশ পেসারও। তবে অস্ট্রেলিয়ার অন্যতম নির্বাচক মার্ক ওয়াহ মনে করেন, লর্ডসে ক্লান্তি পেয়ে বসেছিল ইংলিশ পেসারদের। অস্ট্রেলিয়ান একটি রেডিওকে বলেছেন, ‘তাদের (ইংলিশ পেসার), বিশেষ করে অ্যান্ডারসনের উদ্যমহীন বোলিং দেখে আমি খুবই বিস্মিত হয়েছি। ওরা কেউই সামর্থ্যের কাছাকাছি ছিল না।’ ছন্দহীন অ্যান্ডারসনকে দেখেই একটু বেশি চমকে গেছেন ওয়াহ, ‘ওকে দেখে মনেই হয়নি সে ম্যাচে আছে। যেটা ওর ক্ষেত্রে খুব কমই হয়।’ দ্বিতীয় টেস্টে ৪০৫ রানে হারা ইংল্যান্ড আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কি না সে নিয়েও সন্দিহান সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার।
ইতিহাসও কিন্তু ইংল্যান্ডের পক্ষে নেই। ১৯৮১ সালের পর অ্যাশেজের তৃতীয় টেস্টে কখনোই জিততে পারেনি ইংল্যান্ড। তথ্যটা জানেন আরেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডও। তবে সেই ইতিহাস নতুন করে লেখার প্রত্যয় ব্রডের কণ্ঠে, ‘সময় এসেছে ইতিহাসটা বদলানোর।’ লর্ডসে হারের ধাক্কা সামলে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী ইংলিশ পেসার, ‘শুধু সতর্ক থাকতে হবে, লর্ডসের স্মৃতি যেন আমরা এজবাস্টনে বয়ে নিয়ে না যাই। আমরা বাজে খেলেছি ঠিক আছে, কিন্তু এটা একটা নতুন সপ্তাহ।’ রয়টার্স, ক্রিকেট অস্ট্রেলিয়া।