ইতিহাস বদলাতে হলে...
টি-টোয়েন্টিতে ভারতের কাছে আগের তিনটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ২০০৯ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব আর এবারের এশিয়া কাপ—প্রতিটি ম্যাচেই কিছু ভুল ছিল, কিছু ম্যাচে পরিকল্পনামতো এগোয়নি সবকিছু। ইতিহাসটা বদলাতে হলে এবার এই জায়গাগুলোতেই চোখ রাখতে হবে বাংলাদেশকে—
* ভারতের দুই ওপেনারকেই তাড়াতাড়ি ফেরানো। তিনটি ম্যাচেই ভারতের একজন ওপেনার ফিফটি পেয়েছেন। ইংল্যান্ডে ২০০৯ বিশ্বকাপে গৌতম গম্ভীর (৫০), দুই বছর আগের বিশ্বকাপ ও এবারের এশিয়া কাপে রোহিত শর্মা (৫৬ ও ৮৩)। তবে মাশরাফিদের ম্যাচ পরিকল্পনার একটা বড় অংশজুড়েই হয়তো থাকবেন রোহিত। প্রতিটি ম্যাচেই যে বাংলাদেশকে ভুগিয়েছেন ভারতীয় ওপেনার (রান ১৭৫, স্ট্রাইক রেট প্রায় ১৪৫)!
* আগের তিনটি ম্যাচেই ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে খুব একটা ‘কিপ্টেমি’ করতে পারেননি বাংলাদেশের পেসাররা। সাত বছর আগে ট্রেন্ট ব্রিজে ৩ পেসার মিলে ১১ ওভারে রান দিয়েছেন ১০৯। ইকোনমি রেট ৯.৯! সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও পেসার ছিলেন তিনজন, ১০.৩ ওভারে রান দিলেন ৮৭, ইকোনমি রেট—৮.২৯! এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে পেসার একজন বেশি নিয়েও ভাগ্যটা বদলায়নি। ১৫ ওভারে মুস্তাফিজ-মাশরাফিরা ৯.২ ইকোনমি রেটে দিয়েছেন ১৩৮ রান! ইতিহাস বদলাতে আজ এই পরিসংখ্যানটাও বদলাতে হবে।
* ভারত আগে ব্যাটিং করলে ১৭ থেকে ২০—এই ৪ ওভারে রান আটকাতে হবে। তিন ম্যাচের যে দুটিতে ভারত আগে ব্যাটিং করেছে তাতে শেষ চার ওভারে এসেছে ৫৬ (২০০৯ বিশ্বকাপ) ও ৫১ (২০১৬ এশিয়া কাপ)।