
অস্ট্রেলিয়ায় হয়েছে তিনটি। একটি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতেও। এবার গোলাপি বলে দিবারাত্রির টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন ইংল্যান্ডের দর্শকেরাও। আজ বার্মিংহামের এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দিবারাত্রির টেস্ট।
নতুন কিছু দেখার রোমাঞ্চ ছাড়া এমনিতেই এই সিরিজ সম্পর্কে দর্শকদের আগ্রহী করে তোলা একটু কঠিনই। কারণটা অবশ্যই রং হারানো ওয়েস্ট ইন্ডিজ। সত্তর আর আশির দশকে দোর্দণ্ড প্রতাপে ক্রিকেট-বিশ্ব শাসন করা দলটার সঙ্গে এই ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের এত ফারাক যে তিন টেস্টের এই সিরিজ শুরুর আগেই বলে দেওয়া যাচ্ছে—এখানে ইংল্যান্ড পরিষ্কার ফেবারিট। ইংল্যান্ডের মাটিতে ২০০০ সালের পর কোনো টেস্ট জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। এই ১৭ বছরে ১৭টি টেস্ট খেলে হেরেছে ১৪টি, বাকি তিনটি ড্র।
তবে নিজেদের দেশে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজটা ১-১ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোল্ডারের কাঁধে এখনো দলের নেতৃত্ব। ওয়েস্ট ইন্ডিজ কোচ স্টুয়ার্ট লর কিন্তু দারুণ আস্থা এই অলরাউন্ডারের ওপর, ‘এটা বিশাল একটা দায়িত্ব এবং সে দারুণ সততার সঙ্গে সেটা পালন করে।’

ক্রিকেটার-বোর্ড বিরোধ আপাতত মিটলেও ইংল্যান্ড সফরের দল আগেই ঘোষণা করে ফেলায় ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলসের মতো বড় বড় নামকে দেশে রেখেই ইংল্যান্ডে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তরুণ এই দলের অনেকেই এই প্রথম ইংলিশ কন্ডিশনে টেস্ট খেলবেন। তবে লর কিন্তু এরপরও দারুণ আস্থা তাঁর দলের ওপর, ‘এই দলটা নিয়ে অনেক কথা বলা হয়েছে। এটাই বরং ওদের প্রেরণা। আমরা নতুন করে ইতিহাস লেখার জন্য মুখিয়ে আছি।’
শক্তির বিচারে ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে থাকলেও দিবারাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে। গত বছর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে একটা দিবারাত্রির টেস্ট খেলে ফেলেছে হোল্ডারের দল। তবে এই টেস্টের প্রস্তুতির জন্য কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক রাউন্ডের ম্যাচগুলো হয়েছে গোলাপি বলে, দিবারাত্রিতে। ওই অভিজ্ঞতা থেকেই ইংলিশ অলরাউন্ডার মঈন আলী মনে করছেন, এর সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না। এজবাস্টন টেস্ট সামনে রেখে সিরিজের পৃষ্ঠপোষকদের একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আপনি এর (গোলাপি বল) সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন। নেট সেশন শেষ হতে হতে আমিও অভ্যস্ত হয়ে গেছি।’ এএফপি।