ইতিহাসে ইউনিস, তবু ফলোঅনের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাথান লায়নের বলটা খেলেই দৌড় দিলেন ইউনিস খান। সিদ্ধান্ত নিতে একটু দেরি হওয়াতেই কপাল পুড়ল আজহারের। মিচেল স্টার্কের থ্রোয়ে শেষ ১৪৬ রানের জুটি। পাকিস্তানের সর্বনাশেরও হলো শুরু। তৃতীয় দিন শেষে ফলোঅন এড়াতেই পাকিস্তানের দরকার ৬৮ রান।
কাল বৃষ্টি কেড়ে নিয়েছে ৩৬ ওভার। মধ্যাহ্নবিরতির পর শুরু হওয়া দিনটা তবু মন ভরিয়ে দিয়েছে দর্শকদের। দিনটা ইতিহাসে যোগ হলো দিনের ৩৩তম ওভারে। লায়নকে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মেরে যখন ব্যাটটা তুললেন ইউনিস, একটা সেঞ্চুরিতে ইতিহাসে খোদাই করে রাখলেন নিজের নামটা। ৩৯ বছর বয়সে এসে টেস্ট খেলা হয় এমন ১১টি দেশেই সেঞ্চুরির রেকর্ড গড়লেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
এর একটু আগেই অবশ্য দিনের দ্বিতীয় সেরা মুহূর্তের দেখা পেয়েছে সিডনি। আসাদ শফিকের ব্যাট-প্যাড শটে এলবিডব্লুর আবেদন করতে করতেই ডান দিকে বিরাট এক ঝাঁপ দিলেন স্টিভ স্মিথ। শফিক আউট! আর এক দিনেই দুই বদলি ফিল্ডারের দেখা মিলল। শুরুতেই পেটের পীড়ায় মাঠ ছাড়েন নিয়মিত উইকেটকিপার ম্যাথু ওয়েড। গ্লাভস হাতে নেন পিটার হ্যান্ডসকম্ব, বদলি নামেন জ্যাকসন বার্ড। শেষ দিকে সরফরাজ আহমেদের শট লাগে সিলি মিড অনে ফিল্ডিং করতে থাকা ম্যাথু রেনশর হেলমেটে। তাঁর বদলি মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা নিক বিলস। সূত্র: ক্রিকইনফো, ক্রিকেট অস্ট্রেলিয়া।