ইতিহাসের অংশ হতে চাননি তামিম
শটটা খেলেই বুঝতে পারলেন ভুল হয়ে গেছে। রাগে মেজাজ বিগড়ে গেল নিজের ওপর। পাশেই যে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়েরা ডেল স্টেইনকে নিয়ে উল্লাসে মেতে উঠেছেন, সেটি যেন দৃষ্টিসীমাতেই এল না। তিনিও যে ইতিহাসের অংশ হয়ে গেছেন, তা জানলেন ড্রেসিংরুমে ফেরার পর।
হ্যাঁ, টেস্ট ক্রিকেটে ডেল স্টেইনের ৪০০তম শিকার হয়ে দক্ষিণ আফ্রিকান এই পেসারের সঙ্গে তামিম ইকবালও এখন ইতিহাসের পাতায়। যতবার এ প্রসঙ্গটি আলোচনায় আসবে, ততবারই বলা হবে, অফ স্টাম্পের অনেক বাইরের বলে বাজেভাবে ব্যাট চালিয়ে উইকেটটা স্টেইনকে ‘উপহার’ই দিয়ে এসেছেন বাংলাদেশের তামিম। তবে আউটের হতাশায় তাৎক্ষণিকভাবে তা মাথায় আসেনি, সম্বিত ফিরে পেয়েছেন ড্রেসিংরুমে গিয়ে।
‘আউট হওয়ার পর তো নিজের ওপরই মেজাজ খারাপ ছিল। বাজে শট খেলে আউট হয়েছি। আমি যে স্টেইনের ৪০০তম উইকেট হয়ে গেছি, সেটা তখন মাথায়ই আসেনি। ড্রেসিংরুমে ফেরার পর সবার কথাবার্তা শুনে মনে পড়েছে ব্যাপারটা’—কাল মাঠ থেকে হোটেলে ফেরার পথে মুঠোফোনে বলছিলেন তামিম। কোনো ব্যাটসম্যানই এ রকম ইতিহাসের অংশ হতে চান না। চাননি তামিমও, ‘কেউই কি আর এ রকম ইতিহাসে থাকতে চায়! কিন্তু কিছু তো করার নেই। ওর একটা উইকেটই দরকার ছিল। সেটা অন্য কেউও হতে পারত। হয়েছি আমি।’
তবে বাজে শট খেলে আউটের উদাহরণ তামিম একা নন। তালিকায় আছে অধিনায়ক মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হকের আউটও। তামিমের মতো দিন শেষের সংবাদ সম্মেলনে মুমিনুলও স্বীকার করলেন, ‘ওই বলটাতে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। সে কারণেই হয়তো আউট হয়ে গেছি।’
জেপি ডুমিনিকে লেট কাট করতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন। তবে বাজে শট খেলার দায় স্বীকার শুধু এই আউটের জন্যই নয়। মুমিনুলের আক্ষেপ আছে চট্টগ্রাম টেস্টের আউট নিয়েও। তবে দ্রুতই সমস্যাটা কাটিয়ে ওঠার বিশ্বাস রাখেন, ‘আমার স্কোরিং শটই হলো কাট। বেশির ভাগ রান কাট খেলেই করি। মাঝেমধ্যে হয়তো শটটা পুরোপুরি ঠিক হয় না। তখনই আউট হয়ে যাই। ইনশা আল্লাহ তাড়াতাড়িই এই সমস্যা কাটিয়ে উঠতে পারব।’
জেপি ডুমিনির ৩ উইকেটের মধ্যে একমাত্র ইমরুল কায়েসেরটিই ভালো বল ছিল মনে করেন মুমিনুল। বাকি ২ উইকেটের একটি লিটনের, অন্যটি তিনি নিজেই। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ডুমিনির তুলনায় ডেল স্টেইনকেই এগিয়ে রাখছেন এই বাঁহাতি, ‘টেলিভিশনেও তার আক্রমণাত্মক বোলিং দেখেছি। মাঠেও সে রকমই দেখলাম।’
বাংলাদেশের স্কোর দিন শেষে ৩৫০ বা চার শর কাছাকাছি হলেই মুমিনুল বেশি খুশি হতেন। সেটি না হওয়ার একটা কারণ ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচন। তাই বলে দক্ষিণ আফ্রিকার বোলারদের কৃতিত্বটা কেড়ে নেওয়া যাবে না। ব্যাটসম্যানদের সহজে রান নেওয়ার সুযোগই যে দেননি তাঁরা! মুমিনুলের অভিজ্ঞতার কথাই শুনুন, ‘ওরা স্কোর করার মতো বল খুব কম দেয়। সব সময় স্টাম্প বরাবর বল করে। বিশ্বের সেরা তিনটা পেস বোলার ওদের টেস্ট দলে। আমার তো রান করতে খুবই কষ্ট হয়েছে।’
তবে ৮ উইকেটে ২৪৬ রানে দাঁড়িয়েও মুমিনুলের বিশ্বাস, বাকি ২ উইকেট নিয়ে প্রথম ইনিংসে অন্তত ৩০০ রানে পৌঁছানো সম্ভব। বোলাররা ভালো বল করলে তা হয়ে যেতে পারে ‘ভালো স্কোর’। সঙ্গে সাকিব-জুবায়েরদের একটা আশার কথাও শোনালেন, ‘কাল (আজ)-পরশু (কাল) উইকেটে বল টার্ন করা শুরু করবে বলে মনে হচ্ছে। ভালো জায়গায় বল করতে পারলে বোলাররা সুবিধা পাবে।’
সমস্যা হলো মুমিনুলের অনুমান সত্যি হলে ভুক্তভোগী হতে পারে বাংলাদেশের শেষ তিন ব্যাটসম্যানও। প্রথম দিন শেষে অপরাজিত নাসির হোসেন তাই সতর্ক, ‘এই উইকেটে আর ৪০-৫০ রান যোগ করতে পারলেই যথেষ্ট হবে। ৩০০ রানই আপাতত টার্গেট। তবে সে জন্য উইকেটে থাকার চেষ্টা করতে হবে।’ রানটা তিন শ পার হলে লিড নেওয়ারও সম্ভাবনা দেখছেন, ‘স্পিনারদের বল আজই (গতকাল) যে রকম লাফাচ্ছিল আর টার্ন করছিল, ওদেরও ব্যাটিং করা সহজ হবে বলে মনে হয় না।’
কাল ছিল ডেল স্টেইনের দিন। আজ কি তবে বাংলাদেশের কারও?