ইনজামামের আশা

জীবনে ভারতের বিপক্ষে অজস্র লড়াইয়ে মাঠে নেমেছেন ইনজামাম-উল-হক। প্রচুর জিতেওছেন। কিন্তু একটা আক্ষেপ পুরো ক্যারিয়ারে বয়ে বেড়িয়েছেন। আক্ষেপ বুকে নিয়ে অবসরেও গেছেন, বিশ্বকাপের আসরে কোনো দিন ভারতকে হারানোর স্বাদ পাননি তিনি। দেশের হয়ে বিরানব্বইয়ে বিশ্বকাপ জিতলেও বিশ্ব গৌরবের মধ্যেও চিরশত্রুর বিপক্ষে হারের খচখচানিটা ঠিকই খোঁচা দিয়ে গেছের তাঁকে। পাকিস্তানের হয়ে সর্বাধিক ওয়ানডে খেলা এই সাবেক ড্যাশিং ব্যাটিং তারকার আশাবাদ, আসছে বিশ্বকাপে অ্যাডিলেডে ভারতকে হারিয়েই নিজেদের শুরুটা করবে পাকিস্তানি-বাহিনী।
ভারতকে বিশ্বকাপের আসরে হারাতে না পারাটা ইনজামামের সারা জীবনের আক্ষেপ। পাকিস্তানের ডেইলি টাইমস পত্রিকার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইনজামাম সেই আক্ষেপটা পুনর্ব্যক্তই করেছেন, ‘কী বলব! পুরো ক্যারিয়ারে বিশ্বকাপে কোনো দিন ভারতকে হারাতে পারলাম না। অথচ ভারতের বিপক্ষে বিশ্বকাপের বাইরে তো আর কম ম্যাচ জিতিনি! ’
ইনজামামকে সবচেয়ে বেশি পোড়ায় ১৯৯৬ বিশ্বকাপে বেঙ্গালুরুর সেই কোয়ার্টার ফাইনাল। পোড়ায় ২০০৩ সালের বিশ্বকাপে সেঞ্চুরিয়নের সেই হার। ১৯৯২ ও ১৯৯৯ সালের দুটো হারও। গত বিশ্বকাপে দর্শক হিসেবে দেখেছেন সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হারটা। পুরো বিষয়টিই যেন পাকিস্তানের জন্য এক ধরনের দুঃস্বপ্ন হিসেবে পরিগণিত। এই দুঃস্বপ্ন থেকে নিজেদের বের করে নিয়ে আসার ব্যাপারে এবারের বিশ্বকাপে তাঁর উত্তরসূরিদের দিকে তাকিয়ে থাকবেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানটি, ‘আমি চাই, মনে-প্রাণেই চাই, এবার অন্তত পাকিস্তান জিতুক। আমার উত্তরসূরিরা আমাদের ব্যর্থতাটা ঢেকে দিক তাঁদের পারফরম্যান্স দিয়েই। ’
ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ইনজামাম। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে অধিনায়কত্বের দায়িত্ব ছিল তাঁর কাছে। ১৯৯২ সালে এই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপেই ক্রিকেট বিশ্বের সামনে নিজেকে প্রথমবারের মতো তুলে ধরেছিলেন এই ব্যাটসম্যান। সেবার দুর্দান্ত পারফর্ম করে পাকিস্তানের বিশ্বকাপ জয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর ৩৭ বলে ৬০ রানের ইনিংসটিকে বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা ব্যক্তিগত ইনিংসের মর্যাদা দেওয়া হয়। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও দলের বিপদের মধ্যে ১৮ বলে ৪২ রান করে পাকিস্তানের সংগ্রহকে নিয়ে গিয়েছিলেন লড়িয়ে পর্যায়ে। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন, ‘বিশ্বকাপ বিশাল বড় মঞ্চ। এখানে প্রচণ্ড চাপের মধ্যে খেলতে হয়। এই চাপকে জয় করে নিতে পারলেই সাফল্য পাওয়া যাবে। ১৯৯২ সালে আমরা কী প্রচণ্ড চাপের মধ্যেই না খেলেছি। কিন্তু ইমরান খানের যোগ্য অধিনায়কত্বে সেই চাপ সফলভাবে সামলে নিতে পেরেছিলাম বলেই তো আমরা শিরোপা জিতেছি। বিশ্বকাপ যেহেতু চাপ মাথায় নেওয়ার আসর। ঠিক তেমনি এই ধরনের আসরে প্রতিটি দলেরই ইমরানের মতো একজন যোগ্য ও অভিজ্ঞ নেতার খুব প্রয়োজন।’