ইনজামামের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনজামাম উল হক ছবি: সংগৃহীত
ইনজামাম উল হক ছবি: সংগৃহীত

পাকিস্তানকে উড়িয়ে দিচ্ছে বাংলাদেশ! ১৬ বছর পর দ্বিতীয় ম্যাচ জিতেও কোনো উচ্ছ্বাস নেই বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে! বাংলাদেশের ব্যাটসম্যানরা ছেলেখেলা করছে পাকিস্তানি বোলারদের নিয়ে-গত শুক্রবার এই টুকরো টুকরো দৃশ্যপট হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের মধ্যে। নিজ দেশের পরাজয়ে দুঃখ পেলেও সমালোচনার বদলে সহানুভূতির হাতই বাড়িয়ে দিতে চান তিনি। বলেছেন, যে দেশে ছয় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হয় না, সে দেশের ক্রিকেটের মান আপনা-আপনিই নিচের দিকে যায়।
মুলতানে একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করতে গিয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। প্রশ্ন ওই একটাই। পাকিস্তানকে কীভাবে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল বাংলাদেশ? যে দলটিকে এই কিছু দিন আগেও পিছু ধাওয়া করত তুচ্ছ-তাচ্ছিল্য! কীভাবে, কোন জাদুবলেই বাংলাদেশ বদলে গেল! পাকিস্তান ক্রিকেটের অবস্থাই বা কীভাবে এমন হল!
ইনজামাম সোজা-সাপটাই জানিয়েছে, ‘এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সত্যিই ক্রিকেটের এই অবস্থায় উদ্বিগ্ন না হয়ে পারা যায় না।’
সাবেক এই মারকুটে ব্যাটসম্যানের মতে, ‘বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হারের ধরনই বলে দেয় আমাদের ক্রিকেট কোন পথে যাচ্ছে। গত ১৬ বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। আর ঠিক উল্টো পথেই হেঁটেছে পাকিস্তানের ক্রিকেট।’
২০০৯ সালের পর পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি। ইনজামাম মনে করেন, ‘এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান ক্রিকেটের অবস্থা আরও খারাপ হবে।’
এর একটা ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এই পাকিস্তানি গ্রেট, ‘ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারায় আমাদের তরুণ প্রতিভারা ঠিকভাবে নিজেদের প্রস্তুত করে তুলতে পারে না। আন্তর্জাতিক ক্রিকেট না হওয়াতে অনেক দিন ধরে দেশের মাটিতে ভালো উইকেটও তৈরি হচ্ছে না। এভাবে চলতে দেওয়া যায় না।’
পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থার বিচারে বাংলাদেশের কাছে শুক্রবারের হারকে খুবই স্বাভাবিক ব্যাপার হিসেবে মনে করেন ইনজামাম। একই সঙ্গে আগামী বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেটকে ঢেলে সাজানোর দাবি তাঁর, ‘এই হারে অবাক হওয়ার কিছুই নেই। এটাই হওয়ার কথা। আগামী বিশ্বকাপ হওয়া উচিত আমাদের লক্ষ্য। সে উপলক্ষে গোটা ক্রিকেটকেই ঢেলে সাজাতে হবে। খেলোয়াড়দের কাছে ফলাফল চেয়ে লাভ নেই। দীর্ঘস্থায়ী ভালোর জন্য একটু ত্যাগ আমাদের স্বীকার করতেই হবে। এটা আমাদের ক্রিকেটকে নতুন করে গড়ে তোলার সময়। এই সময় অপচয় করলে চলবে না।’ সূত্র: পিটিআই।