ইনজামামের ভাতিজা

চোখে কালো ফ্রেমের চশমা দেখে তাঁকে মনে হয় বইয়ে ডুবে থাকা মেধাবী এক ছাত্র, ক্লাসে প্রথম হওয়াই যাঁর একমাত্র লক্ষ্য! ক্রিকেটে এতটাই জড়িয়ে পড়েছেন, ‘ফার্স্ট বয়’ হওয়ার তাড়না বহু আগেই ফুরিয়েছে ইমাম-উল-হকের। তবে এখনো তিনি প্রথম হতে চান, স্কুল-কলেজের পরীক্ষায় নয়—শুধুই ২২ গজে। রানের বন্যা বইয়ে থাকতে চান সবার ওপরে।
ইমামের নামের শেষ দুই অংশের সঙ্গে কি পাকিস্তানের কোনো বিখ্যাত ব্যাটসম্যানের মিল খুঁজে পাচ্ছেন? মিলটা কাকতালীয় নয়, ২১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ইনজামাম-উল-হকের ভাতিজা। ইমামের বাবা ইনসারাম-উল-হকের ছোট ভাই ইনজামাম।
ইমামের ক্রিকেটে আসার গল্পটা বেশ অদ্ভুত। ছেলেবেলায় ভীষণ মুটিয়ে গিয়েছিলেন। বাবা পরামর্শ দিলেন বড় ভাইয়ের সঙ্গে মাঠে যেতে, তাতে মেদ কমবে। ওজন কমানোর উপায় খুঁজতে সেই যে ক্রিকেটে জড়িয়ে পড়া, এখনো চলছে। বড় প্রেরণা অবশ্যই ‘চাচ্চু’, ‘আমি তাঁর ব্যাটিং দেখে বড় হয়েছি। তিনি এখন পিসিবির প্রধান নির্বাচক। আমার ওপরে তাই অনেক চাপ। সংবাদমাধ্যমে এ নিয়ে অনেক কথা হয়। তিনি কিন্তু ক্রিকেট নিয়ে আমার সঙ্গে কমই কথা বলেন। তিনি শুধু বলেন, খেলাটা উপভোগ করো। নিজের ওপর আস্থা রাখো।’
ব্যক্তিত্ব কিংবা খেলার ধরনে চাচা-ভাতিজা যেন দুই মেরুতে। ইনজামাম মুগ্ধতা ছড়িয়েছেন মূলত মিডল অর্ডারে। ইমাম ওপেনার, শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করেন। গত মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে চাচার সঙ্গে তাঁর নানা মিল-অমিলের গল্প শোনালেন ইমাম, ‘মানুষ হিসেবে তিনি খুব ঠান্ডা ও শান্ত প্রকৃতির। আমি খুব আবেগপ্রবণ, আক্রমণাত্মক। দুষ্টুমি করতে পছন্দ করি। ব্যাটিংয়ে তাঁর সঙ্গে মিল খোঁজা ঠিক হবে না। তিনি কিংবদন্তি। তবে আমি যদি তাঁর ২০ শতাংশও খেলতে পারি, ভীষণ খুশি হব।’
পৈতৃক ভিটা মুলতানে হলেও ইমামের বেড়ে ওঠা লাহোরে। পড়াশোনা আর ক্রিকেটের সূত্রেই তাঁর পরিবারের লাহোরে আসা। ক্রিকেটার হওয়ার পেছনে বাবা-চাচা কিংবা বড় ভাইয়ের উত্সাহ থাকলেও মা অবশ্য শুরুতে বাধা দিয়েছিলেন। পরে মা অনুমতি দিয়েছেন এক শর্তে—ক্রিকেটের সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। মায়ের কথা মেনে এখন ‘ও’ লেভেল করছেন। পড়াশোনাকে যে বেশ গুরুত্ব দেন, সেটি বুঝিয়ে দিলেন রসিকতা করে, ‘আমার ইংরেজি শুনে বুঝতে পারছেন না!’
আপনার ক্রিকেট-হিরো কে—ইমামের উত্তরটা একটু চমকে দেবে, ‘ইউনিস খান।’ প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান স্পর্শের অপেক্ষায় থাকা ইউনিসকে পছন্দ ব্যতিক্রমী এক কারণে, ‘তিনি ভীষণ প্রতিভাবান নন। কিন্তু অন্যদের চেয়ে নিজেকে আলাদা করেছেন পরিশ্রম, খেলাটার প্রতি অঙ্গীকার আর আবেগ দিয়ে। তাঁর এই গুণগুলোই বেশি পছন্দ করি।’
বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়িয়েছেন ইমাম। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (৩৮২)। তবে বয়সভিত্তিক ক্রিকেটে ভালো করলেই যে জাতীয় দলের চৌকাঠ পেরোনো যায় না, সেটা তিনি ভালোই জানেন। নিজেকে তাই আরও ভালোভাবে তৈরি করছেন। গত কায়েদে আজম ট্রফিতে ১১ ম্যাচে করেছেন ৮৪৮ রান, তাঁর চেয়ে বেশি রান ছিল মাত্র দুজনের। ইমার্জিং টিমস এশিয়া কাপেও দারুণ খেলছেন। এখানে আসার আগে চাচা কোনো পরামর্শ দেননি? ‘তিনি বলেছেন, যতটা পারা যায় স্বাভাবিক থাকতে। লম্বা ইনিংস খেলতে।’
ইমাম তা খেলছেনও। কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১৩ রানে আউট হয়ে গেলেও এর আগে টুর্নামেন্টে পাকিস্তানের প্রথম দুই ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। এভাবেই ধাপে ধাপে এগোতে চান আরও সামনে। খেলতে চান পাকিস্তান দলে। শুরুতে তো ‘ইনজামামের ভাতিজা’ পরিচয়টা থাকবেই। তবে চান একটা সময় তা থেকে বেরিয়ে নিজের নামে পরিচিত হতে।