
একটা সময় দুজনই খেলেছেন পাকিস্তান দলে। সময়ের স্রোতে কাল তাঁরা ছিলেন একে অন্যের প্রতিপক্ষ। ইনজামাম-উল-হক এসেছেন আফগানিস্তানের কোচ হয়ে, আকিব জাভেদ সংযুক্ত আরব আমিরাতের। এই ম্যাচে ফেবারিট ছিল ইনজির দলই। কিন্তু টি-টোয়েন্টিতে যে ফেবারিট-তত্ত্ব খুব একটা খাটে না, বুঝিয়ে দিল আরব আমিরাত। ফতুল্লায় এশিয়া কাপের বাছাইপর্বে আফগানদের ১৬ রানে হারিয়ে মূল পর্বের দিকে এক ধাপ এগিয়ে গেল তারা।
প্রথমে ব্যাটিং করে ওপেনার রোহান মুস্তাফার ৫০ বলে ৭৭ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে আমিরাত। এই রান তাড়া করতে গিয়ে ১৯.৫ ওভারে ১৬০ রানে অলআউট আফগানিস্তান। করিম সাদিকের ৪৮ বলে ৭২ রান কিছুটা আশা দেখিয়েছিল আফগানদের। তবে আমিরাতের দারুণ বোলিংয়ে সাদিকের ইনিংসটা গেছে বিফলে। বোলিংয়েও সফলতম নাম মুস্তাফা, ৩ উইকেট নিয়েছেন শেষ ওভারের চার বলে।
ম্যাচসেরা মুস্তাফা নাকি আন্তর্জাতিক ক্রিকেটে গত দুই বছরে ওপেনই করেননি। পেশায় একজন বিক্রয় নির্বাহী এই আমিরাত ওপেনার ম্যাচ শেষে জানালেন, ‘গত দুই বছরে আমি আমিরাতের হয়ে ওপেন করিনি। তবে ঘরোয়া ক্রিকেটে করেছিলাম। হল্যান্ডের কাছে (৮৪ রানে) হারের পর কোচকে বললাম, ওপেনিং করতে চাই। তিনি বললেন, আত্মবিশ্বাসী থাকলে করতে পারো। তাদের বলেছিলাম, যদি পাঁচটা বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারি, সেগুলো মাঠের বাইরে পাঠাব!’
ইনজিকে হারিয়ে আকিবের মুখে চওড়া হাসি থাকতেই পারে। তবে জয়ের পর সাবেক সতীর্থের স্তুতিই শোনা গেল আকিবের মুখে, ‘সে অসাধারণ খেলোয়াড় ও অধিনায়ক ছিল। টি-টোয়েন্টিতে অনেক সময় পরিকল্পনা কাজ করে না। কেউ যদি প্রথম ৬ ওভারে দুর্দান্ত শুরু করে, খুব বেশি পরিকল্পনা করে কিছু হয় না। টি-টোয়েন্টি দলের খেলা নয়, কয়েকজনের খেলা। অল্প কজনই বদলে দিতে পারে ম্যাচের চেহারা। বিশেষ করে এমন ন্যাড়া উইকেট ও ব্যাটিং-সহায়ক উইকেট হলে তো কথাই নেই।’
একই মাঠে পরের ম্যাচে হংকংকে ৫ রানে হারিয়েছে ওমান। তবে এই ম্যাচটা ছিল এক অর্থে বাবর হায়াতময়! ৬০ বলে খেলেছেন ১২২ রানের দারুণ ইনিংস, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চ (১৫৬), শেন ওয়াটনসন (১২৪*), ব্রেন্ডন ম্যাককালামের (১২৩) পরই চতুর্থ ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। তবে হায়াতের আক্ষেপ, ৯টি চার ও ৭টি ছয়ে সাজানো দুর্দান্ত এই ইনিংস খেলেও জেতাতে পারেননি হংকংকে।
টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ওমানের রান ১৮০। ওমানের সর্বোচ্চ ৪২ রান করেছেন জতিন্দর সিং। হায়াতের দারুণ ইনিংসটির পরও হংকং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করতে পেরেছে ১৭৫ রান।