ইনজুরির কবলে আইপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজ এবারের আইপিএল খেলবে কি না তা এখনো নিশ্চিত নয়। ফাইল ছবি
মোস্তাফিজ এবারের আইপিএল খেলবে কি না তা এখনো নিশ্চিত নয়। ফাইল ছবি

আইপিএলের শুরুতে নাও থাকতে পারেন বিরাট কোহলি। রবীচন্দ্রন অশ্বিন পুরো আইপিএলেই থাকবেন না। এবারের আইপিএলে দেখা নাও যেতে পারে মুরালি বিজয় ও লোকেশ রাহুলকে। রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদবও শুরুর দিকে থাকবেন না এবারের আসরে।

১০ম আসর পূর্ণ করতে চলেছে এবারের আইপিএল। এ নিয়ে চলছে বিশেষ প্রচারণা। তবে এবারের আইপিএল শুরু থেকে কিছুটা রং হারাবে বেশ কিছু তারকা ক্রিকেটারের অনুপস্থিতির কারণে। ইনজুরির কবলে পড়েছে আইপিএল।
বিদেশি তারকাদের মধ্যে মিচেল স্টার্ক আগেই সরে গেছেন। অ্যাঞ্জেলো ম্যাথুসও থাকতে পারবেন না শুরুতে। গত আসরের সেরা উদীয়মানের পুরস্কার জেতা মোস্তাফিজুর রহমানও এবারের আইপিএল খেলবেন কি না, তা নিয়ে সংশয় আছে। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতিমূলক সিরিজ খেলতে বাংলাদেশ পরের মাসে আয়ারল্যান্ডে যাবে। মোস্তাফিজ ও সাকিব আল হাসান চাইলেও পুরো আইপিএল খেলতে পারবেন না। আইপিএলের ফাইনাল ২১ মে। আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ মে।
৫ এপ্রিল শুরু হচ্ছে আইপিএল। সেদিন মোস্তাফিজের দল বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ আছে। আর বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শেষই হবে ৬ এপ্রিল। এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে গতবার আইপিএলে আলো ছড়ানো মোস্তাফিজ হয়তো তিন-চার ম্যাচের জন্য ছাড়পত্র পেতে পারেন।
ভারতের কাছেও ১ জুন শুরু চ্যাম্পিয়নস ট্রফি বিশেষ গুরুত্ব পাচ্ছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ফলে কোনো খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। কোনো ফ্র্যাঞ্চাইজি যেন নিজেদের স্বার্থ বড় করে দেখে কোনো খেলোয়াড়কে খেলাতে না পারে, এ ব্যাপারে সতর্ক বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভারতীয় খেলোয়াড়দের কার চোটের কী অবস্থা এ সম্পর্কে জানিয়েছে। রাঁচি টেস্টে কাঁধের চোটে পড়া কোহলি সিরিজের শেষ টেস্টটা খেলতে পারেননি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তাঁর চোটের অবস্থা আরও ভালোভাবে জানা যাবে। অশ্বিনের পাশাপাশি বিজয় ও রাহুলকেও পুরো আইপিএলে না দেখার সম্ভাবনাই বেশি। জাদেজা ও যাদব শুরুতে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না নিজ নিজ দলের হয়ে। সূত্র: পিটিআই, ডেকান, ফার্স্ট পোস্ট।