ইনিংস ঘোষণার আগে পাকিস্তানের সঙ্গে রসিকতা অস্ট্রেলিয়ার

লাবুশেন বোল্ড হতেই ইনিংসের সমাপ্তি টেনেছে অস্ট্রেলিয়াছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া আজ ব্যাট করতে নামবে—এটা জানাই ছিল। পাকিস্তানকে করাচির তীব্র গরমে আরেকটু খাটিয়ে মেরে মানসিকভাবে বিপর্যস্ত করবে তারা—এটা তো রণকৌশলেরই অংশ। হাতে আছে দুই দিন সময়, লিড ৫০০ ছুঁই ছুঁই, ব্যাটিং করতে আগ্রহ জাগতেই পারে। তবে যেভাবে ইনিংস ঘোষণা করল, তাতে মনে হতেই পারে, পাকিস্তানের সঙ্গে একটু মজা করে নিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ২৫ মিনিট ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। এরপরই মনে হয়েছে, পাকিস্তানকে যথেষ্ট পরিশ্রম করানো হয়েছে।

গতকাল ১৭ ওভারে ৮১ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। ৪৮৯ রানের লিড নিয়ে নামা সফরকারী দল আজ সকালে নেমে মাত্র ৩৩ বল খেলেছে। দলীয় ৯৭ রানে মারনাস লাবুশেন আউট হতেই ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৫০৬ রান করতে হবে পাকিস্তানকে। বিশ্ব রেকর্ড করে ম্যাচ জেতার ইচ্ছা না থাকলে টিকে থাকতে হবে অন্তত ১৭২ ওভার।

করাচিতে পঞ্চাশ পাওয়া হলো না লাবুশেনের
ছবি: এএফপি

আজ সকাল ১ উইকেটে ৮১ রানে শুরু করেছিল অস্ট্রেলিয়া। উসমান খাজা ৩৫ রানে ও লাবুশেন ৩৭ রান নিয়ে নেমেছিলেন। গতকালই ওয়ানডে ছন্দে রান নিচ্ছিলেন লাবুশেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার দুঃখ ভুলতে আজও একই গতিতে রান করছিলেন। অন্যদিকে, খাজা একটু রক্ষণাত্মক ছিলেন আজ সকালে।

দিনের ষষ্ঠ ওভারে শাহিন শাহ আফ্রিদিকে ড্রাইভ করতে গিয়ে একটুর জন্য বেঁচে গেছেন লাবুশেন। পরের বল ছিল খাটো লেংথের। আর সেটা পুল করতে গিয়ে বল টেনে আনলেন স্টাম্পে। ৪৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৪ রান করা লাবুশেন থামলেন। অধিনায়ক প্যাট কামিন্সের মনে হলো, ৫০৫ রান লিডই যথেষ্ট। অন্য প্রান্তে খাজা অপরাজিত ছিলেন ৪৪ রানে।