ইনিংস জয়ের হ্যাটট্রিক ঢাকার

রনি-মজিদ-রকিবুল-শুভাগত-তাইবুরের ব্যাটে প্রতি ম্যাচেই রানের পাহাড়ে ঢাকা বিভাগ। এই মৌসুমে কম যাচ্ছেন না দলটির বোলাররাও। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে দুবার অলআউট করে দলকে এনে দিচ্ছেন বড় জয়। ব্যাটসম্যান-বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে বর্তমান চ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পাচ্ছে না প্রতিপক্ষরা।
মিরপুর ও ফতুল্লায় প্রথম দুই ম্যাচ ইনিংস ব্যবধানে জেতা ঢাকা বিভাগ কাল বিকেএসপিতেও ইনিংস ব্যবধানে হারিয়েছে চট্টগ্রামকে। ইনিংস ও ১৭৪ রানের এই জয়ে তিন ম্যাচ থেকে পূর্ণ ৭৫ পয়েন্ট হলো দলটির। কাল মিরপুরে খুলনাকে ১৯৩ রানে হারিয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে রংপুর। তৃতীয় রাউন্ডের অন্য দুটি ম্যাচ হয়েছে ড্র।
বিকেএসপির ৩ নম্বর মাঠে জয় থেকে মাত্র ৪ উইকেটের দূরে থেকে শেষ দিনটা শুরু করে ঢাকা। চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস মুড়ে দিতে ১৮ ওভার খেলতে হয়েছে টানা ষষ্ঠ জয় পাওয়া দলটিকে। জাতীয় লিগে টানা জয়ের রেকর্ড স্পর্শ করতে পরের ম্যাচটা জিতলেই চলবে মজিদ-রনিদের।
মিরপুরে আগের দিনের সংগ্রহের সঙ্গে আরও ৪১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে রংপুর। ৩৫৭ রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা খুলনা ২ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অলআউট ১৬৩ রানে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া রংপুরের অফ স্পিনার মাহমুদুল হাসান এবার পেয়েছেন ৪ উইকেট।
বিকেএসপির ২ নম্বর মাঠে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়েছে সিলেট। ফলো অন করা দলটি দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৩৫ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল। সেঞ্চুরি পেয়েছেন মাত্র দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলা রাহাতুল ফেরদৌস। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই বাঁহাতি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা ছুঁয়েছেন রাজশাহীর ফরহাদ হোসেনকে ছক্কা মেরে।
ফতুল্লায় ঢাকা মহানগরের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন বরিশালের ফজলে রাব্বী। ফিফটি পেয়েছেন দলটির শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ সজীবও। এই ত্রয়ীর ব্যাটিংয়ে বরিশাল ২ উইকেটে ২৬৭ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল। এর আগে মহানগর ২৪৭ রানে ঘোষণা করেছে দ্বিতীয় ইনিংস।

সংক্ষিপ্তস্কোর
খুলনা-রংপুর, মিরপুর
রংপুর: ৩১০ ও ৯০ ওভারে ২৫৯/৮ ডি.। খুলনা: ২১৩ ও ৫১ ওভারে ১৬৩ (নুরুল ৬০, ডলার ২৩, মিঠুন ২০; মাহমুদুল ৪/৭১, সিঞ্জত ২/২২, শুভাশিস ২/২৯, তানভীর ১/১, সাজেদুল ১/৫) ।
ফল: রংপুর ১৯৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদুল হাসান (রংপুর)।
ঢাকা মহানগর-বরিশাল, ফতুল্লা
ঢাকা মহানগর: ৪০০ ও ৫২.৪ ওভারে ২৪৭/৮ ডি. (সাদমান ৮৯, আসিফ ৫৩, মেহরাব ৫১; কামরুল ৩/৫৫, নুরুজ্জামান ১/১১, আল আমিন ১/৩২, নাসুম ১/৩৩, সোহাগ ১/৫৮)। বরিশাল: ২৬১ ও ৬৯ ওভারে ২৬৭/২ (ফজলে রাব্বী ১০০*, শাহরিয়ার ৭৮, সজীব ৫৮*, সাঈফ ২৮; আসিফ ২/৪১)।
ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: সাদমান ইসলাম (মহানগর)।
রাজশাহী-সিলেট, বিকেএসপি-২
রাজশাহী ১ম ইনিংস: ৪৮২। সিলেট: ৩২৪ ও ৯৩ ওভারে ৩৩৫/৩ (রাহাতুল ১০৬*, ইমতিয়াজ ৭৯, সায়েম ৬৭, রাজিন ৬৭; সাকলাইন ২/৮১, সানজামুল ১/৫৬)।
ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: মাইশুকুর রহমান (রাজশাহী)।
ঢাকা বিভাগ-চট্টগ্রাম, বিকেএসপি-৩
চট্টগ্রাম: ১৫৫ ও ৯৯ ওভারে ২৮৭ (তাসামুল ১১৪, ইরফান ৭৪, নাজিমউদ্দিন ৩৮, সাইফউদ্দিন ২৭; সাব্বির ৪/৪৪, মোশাররফ ৩/৮৬, তাইবুর ১/২৯)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৬১৬/৫ ডি.।
ফল: ঢাকা বিভাগ ইনিংস ও ১৭৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রনি তালুকদার (ঢাকা বিভাগ)।