ইনিংস ব্যবধানে জিতল অনূর্ধ্ব-১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আর সুযোগ হারাল না বিসিবি অনূর্ধ্ব-১৭ দল। কাল দ্বিতীয় তিন দিনের ম্যাচে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলকে ইনিংস ও ৬৫ রানে হারিয়েছে বাংলাদেশের কিশোরেরা। ইনিংস হার এড়াতে সিএবি অনূর্ধ্ব-১৭ দলকে করতে হতো ১৪০ রান। কিন্তু সফরকারীরা অলআউট ৭৫ রানেই। বিসিবির বাঁহাতি স্পিনার শাহাদাত হৃদয় ১৯ রানে নিয়েছে ৫ উইকেট।
এর প্রথমটি শাহাদাত নিয়েছে নিজের প্রথম বলেই, ইনিংসের দ্বিতীয় ওভারে। ৭ রানে প্রথম উইকেট হারানো সিএবি আর কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেছিল ৩৪ রান। এরপরই ব্যাটিংয়ে ধস। স্কোরবোর্ডে আর মাত্র ২ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়েছে সিএবি অনূর্ধ্ব-১৭। এর ৩টিই আবার এক ওভারে।
এর আগে ৪ উইকেটে ২০৪ রান নিয়ে দিন শুরু করা বিসিবি অনূর্ধ্ব-১৭ অলআউট হয় ৩৪২ রানে। সর্বোচ্চ ৭১ রান ৬ নম্বরে ব্যাটিং করতে নামা আকবর আলীর। ২৫২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর নওশাদ ইকবালকে নিয়ে ৭৪ রান যোগ করে আকবর। ৩৩ বলে ৪০ রান করেছে নওশাদ। এ ছাড়া ৫ নম্বর ব্যাটসম্যান শামীম পাটোয়ারী করেছে ৪৪।