ইনিংস ব্যবধানে জিতল খুলনাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক, সৈকত
রাজ্জাক, সৈকত

ঢাকা বিভাগ জিতে গিয়েছিল তিন দিনেই। তৃতীয় দিন শেষে জয় দেখছিল ঢাকা মহানগর, রংপুর ও খুলনাও। হার এড়াতে কাল শেষ দিনে দুর্দান্ত কিছুই করতে হতো রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটকে। পারেনি দল তিনটি। ঢাকা বিভাগের মতোই ইনিংস ব্যবধানে এবার নিজেদের প্রথম ম্যাচটা জিতে নিয়েছে খুলনা। ২৮৫ ও ২২৫ রানের বড় জয় পেয়েছে রংপুর ও চট্টগ্রামও।

খুলনা-সিলেট
দ্বিতীয় ইনিংসে ১৩৭ রান তুলতেই নেই ৭ উইকেট। ফলোঅনে পড়া সিলেট হার দেখছিল তৃতীয় দিন শেষেই। দেখার ছিল শেষ ৩ উইকেটে কত দূর যেতে পারে তারা। দলটি টিকল মাত্র ৯.৫ ওভার, যেতে পারল ১৭৪ রান পর্যন্ত। হারল ইনিংস ও ১৭৮ রানে। সিলেটের শেষ তিনটি উইকেটই তুলে নিয়েছেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়া আবদুর রাজ্জাক। আগের দিনই ৪ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার ৭১ রান দিয়ে পেয়েছেন ৭ উইকেট। প্রথম শ্রেণির ক্যারিয়ারে সপ্তমবারের মতো ৭ উইকেট নেওয়া খুলনা অধিনায়ক রাজ্জাক ম্যাচে পেয়েছেন ৯ উইকেট। রাজ্জাক এই নিয়ে সর্বশেষ পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচেই ইনিংসে ৫ উইকেট পেলেন। এই পাঁচ ম্যাচে খুলনা ও দক্ষিণাঞ্চলের হয়ে ৪৬ উইকেট তাঁর। তবে রাজ্জাক নন, ম্যাচসেরা হয়েছেন খুলনার একমাত্র ইনিংসে অপরাজিত ১৭৭ রান করা তুষার ইমরান।

ঢাকা মহানগর-রাজশাহী
বিকেএসপির তিন নম্বর মাঠে ৪৬০ রানের লক্ষ্যে রাজশাহী দিন শুরু করেছিল ৬ উইকেটে ১০১ রান নিয়ে। বাকি ৪ উইকেট হাতে নিয়ে আরও ২১.৪ ওভার টিকে ১৭৪ রানে অলআউট হয় তারা, হার ২৮৫ রানের। ৪৪ রান নিয়ে দিন শুরু করা চার নম্বর ব্যাটসম্যান ফরহাদ হোসেন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৫ রানে। মহানগরের ডানহাতি পেসার সৈকত আলী পেয়েছেন ৫ উইকেট।

চট্টগ্রাম-রংপুর
ফতুল্লায় ৪২০ রান তাড়া করে চট্টগ্রাম করতে পারেনি ২০০ রানও। ৩ উইকেটে ৮৩ রান নিয়ে দিন শুরু করা দলটি লাঞ্চের কিছু সময় পরই অলআউট ১৯৪ রানে। সর্বোচ্চ ৪৪ রান করেছেন আট নম্বর ব্যাটসম্যান ইয়াসির আলী।

সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম-রংপুর, ফতুল্লা
রংপুর: ২৬৯ ও ২৫৭/৫ ডি.। চট্টগ্রাম: ১০৭ ও ৭২ ওভারে ১৯৪ (ইয়াসির ৪৪, ফয়সাল ৩৫, মাহাবুবুল ৩২; সোহরাওয়ার্দী ৩/৩৯, বিশ্বনাথ ২/৩০, সাজেদুল ২/৩৮, শুভাশিস ২/৫৬, মাহমুদুল ১/১০)।
ফল: রংপুর ২২৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম (রংপুর)।

খুলনা-সিলেট, বিকেএসপি-২
খুলনা: ৫৩৬/৮ ডি.। সিলেট: ১৮৪ ও ৫৮.৫ ওভারে ১৭৪ (আনোয়ার ৪৪, মিলন ২৪, ইমতিয়াজ ২১, নাজমুল ২০; রাজ্জাক ৭/৭১, রাসেল ১/১৪, জিয়া ১/৩৩, মুরাদ ১/৪৩)।
ফল: খুলনা ইনিংস ও ১৭৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তুষার ইমরান (খুলনা)।

ঢাকা মহানগর-রাজশাহী, বিকেএসপি-৩
ঢাকা মহানগর: ৩০২ ও ৩৭৫। রাজশাহী: ২১৮ ও ৪৪.৪ ওভারে ১৭৪ (ফরহাদ হোসেন ৮৫*, মুক্তার ২৯; সৈকত ৫/৪৫, ইলিয়াস সানি ২/২২, শরীফউল্লাহ ১/১৮, আসিফ ১/৪০, শহীদ ১/৪৫)।
ফল: ঢাকা মহানগর ২৮৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী মারুফ (মহানগর)।