ইনিংস হার এড়াতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। বাজে ব্যাটিংয়ের আরেকটি প্রদর্শনীতে দ্বিতীয় ইনিংসেও অসহায় আত্মসমর্পণ। মুমিনুল হকের দল ভারত সফর শেষ করল হার দিয়েই।
ভারত ‘এ’ দলকে আবার ব্যাটিংয়ে পাঠাতে শেষ দিনে বাংলাদেশ ‘এ’ দলকে করতে হতো ১৪৭ রান। হাতে ছিল ৭ উইকেট। হিসেবটা রুবেল হোসেনকে বাদ দিয়েই করা, চোটের কারণে ব্যাট করতে পারেননি এই পেসার। একজন ব্যাটসম্যান কম নিয়ে বাংলাদেশ ‘এ’ অলআউট আর মাত্র ২৮.৩ ওভার খেলেই। প্রথম ইনিংসের ২২৮ রানের পর এবার ১৫১—দুই ইনিংস মিলিয়েও ভারতীয়দের একমাত্র ইনিংসের চেয়ে ৩২ রান কম করেছেন মুমিনুলেরা।
মুমিনুলই অবশ্য দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ স্কোরার। লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণি মিলিয়ে সফরে নিজের সপ্তম ইনিংসে প্রথম ৫০ পেরোলেন অধিনায়ক। ৯৫ বলে ৯ চারে ৫৪ রান করে মুমিনুল ফিরেছেন সপ্তম ব্যাটসম্যান হিসেবে।
২ উইকেটে ৩৬ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ‘এ’ প্রথম উইকেট হারিয়েছে নবম ওভারে। ৪২ বলে ৩৮ রান করে ঈশ্বর পান্ডের বলে বোল্ড লিটন দাস। এই আউটেই ভেঙেছে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’র সবচেয়ে বড় ৬১ রানের জুটিটি। এরপরই হুড়মুড় করে ভেঙে পড়েছে মিডলঅর্ডার। ১৯.৩ ওভার থেকে ২২.৫, এই ২১ বলের মধ্যেই লিটনসহ আউট চারজন।
এঁদের একজন সাব্বির রহমান অবশ্য নিজেকে দুর্ভাগাই ভাবছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান এলবিডব্লু হয়েছেন পান্ডের বলে। বলটা ব্যাটে লেগেছে এই ইঙ্গিত করে অসন্তুষ্টি নিয়েই সাজঘরে ফিরেছেন শূন্য রানে আউট হওয়া সাব্বির। সফরের অন্যতম দুই সফল ব্যাটসম্যান নাসির হোসেন (১) ও শুভাগত হোমও (০) ফিরেছেন চটজলদি।
এই সফরের দুটি তিন দিনের ম্যাচেই হার বাংলাদেশ ‘এ’ দলের। রঞ্জি চ্যাম্পিয়ন কর্ণাটকের পর ভারত ‘এ’ দলের কাছে হারটা অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেওয়ারই খেসারত। বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার অনভ্যস্তাকেই দায়ী করলেন গতকালই ২৪ বছরে পা দেওয়া অধিনায়ক মুমিনুল, ‘আমাদের দলের বেশির ভাগই ওয়ানডে খেলোয়াড়। ওয়ানডে ও টেস্টে অনেক পার্থক্য। সমস্যা হয়েছে এখানেই। আমরা ওয়ানডের মতোই খেলেছি। ইনিংসের শুরু থেকেই বল তাড়া করেছি।’ তথ্যসূত্র: বিসিসিআই ও ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’: ২২৮ ও ৩৯.৩ ওভারে ১৫১ (এনামুল ০, সৌম্য ১৯, মুমিনুল ৫৪, লিটন ৩৮, সাব্বির ০, নাসির ১, শুভাগত ০, সাকলাইন ২১, শফিউল ১৩*, জুবায়ের ১, রুবেল আহত অনুপস্থিত; পান্ডে ৩/২৮, মিঠুন ২/২৩, জয়ন্ত যাদব ৩/৪৮, জাদেজা ১/২৭, অ্যারন ০/২৪)।
ভারত ‘এ’: ৪১১/৫ ডি.।
ফল: ভারত ‘এ’ ইনিংস ও ৩২ রানে জয়ী।