ইনিংস হার দেখছে উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের সবচেয়ে সফল বোলার ভারনন ফিল্যান্ডার l এএফপি
দিনের সবচেয়ে সফল বোলার ভারনন ফিল্যান্ডার l এএফপি

কী বৈপরীত্য!
যে উইকেটে দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট নিতেই প্রায় দুদিন লাগিয়ে ফেলল ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা, সেই উইকেটেই টপাটপ উইকেট তুলে নিলেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। তৃতীয় দিনে শুরু করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়েছে চা-বিরতির খানিক পরেই, ২০১ রানে। ফলোঅন করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। ইনিংস হার এড়ানোর লড়াইয়ে ক্যারিবীয়রা দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেকে তৃতীয় দিন শেষে পিছিয়ে আছে ২৭৫ রানে।
প্রথম দুদিনে ছন্নছাড়া বোলিং-ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েও তথৈবচ। ওয়েস্ট ইন্ডিয়ানরা অবশ্য দোষ দিতে পারে ভাগ্যকেও। বিনা উইকেটে ৭২, শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু টিভি আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তেই ধসের সূচনা। ৩৫ রান করা ডেভন স্মিথের বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেছিলেন বোলার ভারনন ফিল্যান্ডার। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন হাশিম আমলা। টিভি রিপ্লেতে ব্যাট-বলের সংযোগের কোনো আভাস না পাওয়া গেলেও সবাইকে অবাক করে আউট দিয়ে দেন তৃতীয় আম্পায়ার। ফিল্যান্ডারের করা পরের ওভারেই অবশ্য আমলার ক্যাচ আরেক ওপেনার ক্রেগ ব্রাফেট (৩৪)। দুই ওপেনারের পর ওয়েস্ট ইন্ডিজের ৩ ও ৪ নম্বর ব্যাটসম্যানও ত্রিশের ঘরে আউট হয়ে ফিরিয়ে এনেছেন ১৯৯২ সালের কলম্বো টেস্টের স্মৃতি। কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটসম্যানই আউট হয়েছিলেন ত্রিশের ঘরে। এক ইনিংসে প্রথম চার ব্যাটসম্যানের ত্রিশ রান করার উদাহরণ এই দুটিই। ক্রিকইনফো।
প্রথম চারের বিদায়ের পর অলআউট হতে খুব একটা সময় নেয়নি একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেটে ১৬২ থেকে ২০১ রানে অলআউট হওয়া দলটি পায়নি কেমার রোচকে। চোট ছিল প্রোটিয়া শিবিরেও, হ্যামস্ট্রিংয়ের চোটে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারটা পুরো না করেই মাঠ ছাড়েন ডেল স্টেইন। এর আগে ফিল্ডিংয়ে ডি কক ও ডু প্লেসিকেও পায়নি স্বাগতিকরা।