ইনিংস হারেই ভারত সফর শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ইনিংসে ব্যাট হেসেছিল অধিনায়ক মুমিনুল হকের। ছবি: বিসিবির সৌজন্যে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হেসেছিল অধিনায়ক মুমিনুল হকের। ছবি: বিসিবির সৌজন্যে।

ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ব্যবধানেই হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে লজ্জার পরাজয় এড়াতে শেষ দিনে মুমিনুল-বাহিনীর যে লড়াইটার দরকার ছিল, সেটাই করতে ব্যর্থ তারা। অধিনায়ক মুমিনুল হকের ব্যাট এই সফরে প্রথম হেসে উঠলেও বাকিদের ব্যর্থতায় শিখর ধাওয়ানের দলের কাছে ইনিংস ও ৩২ রানেই হার মেনে নিতে হয়েছে তাদের। প্রথম ইনিংসে ২২৮ রানে অলআউট হওয়া বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৫১ রানেই।
বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসও ছিল তারকা ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার আখ্যান। ‘এ’ দলের মোড়কে প্রায় জাতীয় দলের ক্রিকেটারদের এমন পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের কাছে এসেছে নিদারুণ হতাশার বিষয় হয়েই। দ্বিতীয় ইনিংসে মুমিনুলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৪ রান। লিটন দাস করেন ৩৮। এই দুজনের ৬১ রানের জুটি ভেঙে যাওয়ার পরপরই হুড়মুড়িয়ে ধসে পড়ে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস।
প্রথম ইনিংসে সেঞ্চুরির মালিক সাব্বির রহমান দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ‘শূন্য’ রানে। ভারত সফরে বড় দৈর্ঘ্যের ম্যাচে ব্যাট হাতে সফল শুভাগত হোমও রানের খাতা খুলতে পারেননি। নাসির হোসেনের ফেরেন মাত্র ১ রানে। শেষ দিকে সাকলাইন সজীবের ২১ আর শফিউল ইসলামের ১৩ বাংলাদেশ ‘এ’ দলের পরাজয়ের ব্যবধানটাই কেবল কমাতে পেরেছে।
ভারতের পক্ষে ঈশ্বর যাদব আর জয়ন্ত পান্ডে, দুজনেই তুলে নিয়েছেন ৩টি করে উইকেট। অভিমন্যু মিঠুনের ঝুলিতে গেছে ২টি উইকেট। রবীন্দ্র জাদেজা পেয়েছেন একটি।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ১৫০ রানের ওপর ভর করে ৪১১ রানের বিশাল স্কোর গড়ে ইনিংসের যবনিকা টানে ভারতীয় ‘এ’ দল। ধাওয়ানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি বিজয় শঙ্করের ব্যাট থেকে আসে ৮৬, করুন নায়ার করেন ৭১ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে ১২২ রানের ইনিংস খেলেন সাব্বির রহমান। ৬২ রান করে এই সফরে ব্যাট হাতে নিজের ধারাবাহিকতা প্রমাণ করেন শুভাগত হোম।