ওভালে ফল যা-ই হোক, সিরিজ শেষে একটা গবেষণা কিন্তু হতে পারে। খেলার দিন হিসাবে এটাই সবচেয়ে সংক্ষিপ্ত অ্যাশেজ কি না! কার্ডিফ আর লর্ডসে ফল এসেছে চার দিনে, এজবাস্টনে তো আড়াই দিনেই শেষ, ট্রেন্ট ব্রিজে তৃতীয় দিন সকাল পর্যন্ত খেলা গেছে খুব টেনেটুনে। ওভালে কাল তৃতীয় দিন শেষে যা অবস্থা, তাতে ম্যাচ পঞ্চম দিনে গড়ালে বিস্ময় জাগবে বৈকি! প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া ইংল্যান্ড ফলোঅনে পড়ে তুলেছে ৬ উইকেটে ২০৩ রান। ইনিংস হার এড়াতে চাইলে বাকি ৪ উইকেটে আরও ১২৯ করতে হবে ইংল্যান্ডকে।
শেষ টেস্টের আগে সিরিজটির চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক বলেছিলেন, ‘ম্যাচগুলো একতরফা হচ্ছে, কারণ যারাই ম্যাচের লাগাম পাচ্ছে, প্রতিপক্ষকে এত নির্মমভাবে চেপে ধরছে যে আর ঘুরে দাঁড়ানোর কোনো উপায় থাকছে না।’ সর্বশেষ দুই টেস্টে ওই লাগাম ছিল ইংল্যান্ডের হাতে। সেটা ওভালেও ধরে রেখে ৪-১ ব্যবধানে অ্যাশেজ জিততে চেয়েছিলেন কুক। কিন্তু হলো উল্টোটা। এবার তাঁর দলই ভীষণ চাপে। ২৩৪ বলে ৮৫ রানের ইনিংস খেলে কুক একাই লড়াই করে গেলেন, যোগ্য সংগত দিতে পারলেন না কেউ।
৮ উইকেটে ১০৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা ইংল্যান্ডের প্রথম ইনিংস কাল সকালে স্থায়ী হলো মাত্র ৮.৪ ওভার। আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান মঈন আলী ও মার্ক উড মিলে নবম উইকেটে গড়লেন ৫৭ রানের জুটি—ইনিংসের বৃহত্তম।
প্রথম ইনিংস যেভাবে শেষ হয়েছিল, ফলোঅনে পড়েও সেভাবেই শুরু হলো ইংল্যান্ডের। ১৯ রানে প্রথম উইকেট, অ্যাডাম লিথ ফিরে গেলেন ১০ রান করে। দুঃস্বপ্নের মতো একটা অ্যাশেজ কাটল লিথের। সিরিজে ৯ ইনিংসে ব্যাট করে ১২.৭৭ গড়ে মাত্র ১১৫ রান করেছেন ইংলিশ ওপেনার। অ্যাশেজের ইতিহাসে ইংলিশ ওপেনারদের মধ্যে তাঁর চেয়ে বাজে গড় আছে শুধু গ্রাহাম গুচের (অন্তত ৮ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে)। ১৯৮১ সালে ৪ ম্যাচে ৮ ইনিংস ব্যাট করে গুচ মাত্র ৯৭ রান করেছিলেন ১২.১২ গড়ে!
ট্রেন্ট ব্রিজে আগের টেস্টেই অ্যাশেজ জয় নিশ্চিত হয়ে গেলেও ওপেনিং জুটিটা চিন্তার কারণ হয়ে রইল ইংল্যান্ডের জন্য। এই অ্যাশেজে ইংল্যান্ডের সর্বোচ্চ ওপেনিং জুটি ৩২ রানের, সেটা ট্রেন্ট ব্রিজেই। সেটি বাদ দিলে কুক-লিথের ওপেনিং জুটি আর একবারই ৩০ করতে পেরেছে, ওভালের প্রথম ইনিংসে! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।